কলকাতা:
কলকাতা বিমানবন্দর চত্বরে অবস্থিত একটি মসজিদে প্রবেশাধিকার সংক্রান্ত মামলার শুনানি আগামী ৭ অক্টোবর পর্যন্ত মুলতুবি করল কলকাতা হাই কোর্ট। মসজিদে ফের শুক্রবারের নামাজ পড়ার অনুমতি চেয়ে যে অন্তর্বর্তী আবেদন করা হয়েছিল, তা এদিন গ্রহণ করেনি আদালত।
আবেদনকারীর পক্ষে আইনজীবী কিশোর দত্ত ও সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে জানান, মসজিদটি প্রায় ১৩৬ বছরের পুরনো। বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের আগে এটি বাঁকড়া গ্রামের অংশ ছিল। দীর্ঘদিন ধরে বাঁকড়া গেট দিয়ে মুসল্লিরা মসজিদে যাতায়াত করতেন। নামাজের জন্য তাঁদের যাতায়াতে বাসের ব্যবস্থাও করা হয়েছিল।
আবেদনকারীর আইনজীবীর দাবি, প্রায় ৫০ বছর ধরে এই পথে মুসল্লিদের মসজিদে যাতায়াত থাকলেও গত ১১ জুলাই থেকে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
তবে এদিন আদালত শুক্রবারের নামাজ পুনরায় চালুর অন্তর্বর্তী আবেদনটি গ্রহণ করেনি। মামলাটির পরবর্তী শুনানি হবে ৭ অক্টোবর।