পশ্চিমবঙ্গের মহিলারা রাজ্যকে ‘পরিবর্তনের নতুন পথে’ এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বাংলায় পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। এই উপলক্ষে রাজ্যের মহিলাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, চলতি বছরের ৪ মে বাংলার মানুষ পরিবর্তনের নতুন পথ বেছে নিয়েছে। সেই পরিবর্তনে বাংলার মা-বোনেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, বিজেপির মূল মন্ত্র—‘কথা কম, কাজ বেশি’। এই ভাবনা থেকেই বাংলায় অন্নপূর্ণা যোজনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পরপরই অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়েছিল। বর্তমানে এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। তাঁর দাবি, এই ব্যবস্থায় কোনও কাটমানি বা মধ্যস্থতাকারীর সুযোগ নেই।
মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায়ে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন মোদি। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, উজ্জ্বলা, ‘হর ঘর নল সে জল’, সৌভাগ্য, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের উল্লেখ করেন তিনি।
এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা ₹৩,০০০ করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধাননগর বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে দেখা করেন। ১৭ সেপ্টেম্বরকে প্রতি বছর ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালনের ঘোষণা আগেই করা হয়েছিল।
অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তাপস রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি মোদিকে দেশের উন্নয়নের পথে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।