কলকাতা:
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার তাঁকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ড. মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন,“বলিদান দিবসে বিশিষ্ট দেশপ্রেমিক, পণ্ডিত ও রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই। ভারতের উন্নয়নের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জনজীবনে তাঁর অটল বিশ্বাস, সাহস এবং জাতীয় স্বার্থে তাঁর নিষ্ঠা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৩ জুন জম্মু ও কাশ্মীরে পারমিট ছাড়া প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর শ্রীনগরের একটি জেলে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁর মৃত্যুদিনকে বিজেপি ও বিভিন্ন সংগঠন ‘বলিদান দিবস’ হিসেবে পালন করে।