কলকাতা
ডিএ মামলাকে কেন্দ্র করে আবারও নতুন পরিস্থিতির সৃষ্টি। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটির সমস্ত সুপারিশ মেনে চলার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে আদালতকে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রথম ধাপে সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।
এই তথ্য পেশ করে রাজ্য আরও কিছুটা সময় চায়। আদালত সেই আবেদনে সম্মতি জানালে আপাতত পিছিয়ে গেল মামলার পরবর্তী শুনানি। সূত্রের খবর, আগামী শুনানির সম্ভাব্য তারিখ ৬ মে, অর্থাৎ বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ বহু আগেই দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। পরে শীর্ষ আদালত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধের নির্দেশ দেয় এবং তার জন্য ৬ সপ্তাহ সময়সীমা বেঁধে দেয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ মেটানো হয়নি। উল্টে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত ছয় মাস সময় চাওয়া হয়। দীর্ঘ শুনানির পর গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ কোনও অনুগ্রহ নয়, এটি কর্মীদের আইনি অধিকার।
আদালতের নির্দেশ অনুযায়ী, মে মাসের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দুই কিস্তিতে মেটাতে হবে। প্রথম কিস্তি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। পাশাপাশি, বাকি অর্থ কীভাবে এবং কত সময়ের মধ্যে পরিশোধ করা হবে, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটিকে।
সব মিলিয়ে, ডিএ ইস্যু এখনো রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। আর ভোটের ফলের পর এই মামলার পরবর্তী দিকনির্দেশ কোন পথে এগোয়, সেদিকেই নজর সকলের।