নয়া দিল্লি
ইতিহাস সৃষ্টি করে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। গত ২০ বছরের রাজনৈতিক সমীকরণ বদলে বিহারের রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বিহারের ইতিহাসে এই প্রথম গেরুয়া শিবিরের কোনও নেতা মুখ্যমন্ত্রীর আসনে বসলেন।
উল্লেখযোগ্য, ৫৭ বছর বয়সী সম্রাট চৌধুরী বর্তমানে বিহার বিজেপির অন্যতম পরিচিত মুখ এবং নীতীশ মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুশওয়াহা সম্প্রদায়ের প্রতিনিধি। বিহারের ওবিসি ভোটব্যাঙ্কে যাদবদের পরেই কুশওয়াহারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত।
এছাড়াও উল্লেখ করা প্রয়োজন, ২০০৫ সাল থেকে বিহারে নীতীশ কুমারের জুনিয়র অংশীদার হিসেবে কাজ করে আসছে বিজেপি। মাঝে কিছু সময়ের ব্যবধান থাকলেও পদ্ম শিবিরের জন্য মুখ্যমন্ত্রীর আসন অধরাই ছিল। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বিজেপির রয়েছে ৮৯ জন বিধায়ক, অন্যদিকে জেডিইউ-র রয়েছে ৮৫ জন বিধায়ক।