সীমান্তে মাওবাদীদের বড় ধাক্কা, ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন শীর্ষ নেতা-নেত্রী গ্রেপ্তার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
সীমান্তে মাওবাদীদের বড় ধাক্কা, ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন শীর্ষ নেতা-নেত্রী গ্রেপ্তার
সীমান্তে মাওবাদীদের বড় ধাক্কা, ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন শীর্ষ নেতা-নেত্রী গ্রেপ্তার
 
রাঁচি: 

ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তে মাওবাদী সংগঠনের পুনর্গঠনের চেষ্টায় বড় ধাক্কা দিল ঝাড়খণ্ড পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে সিপিআই (মাওবাদী)-র ‘মাও বঙ্গ ব্রিগেড’-এর তিন শীর্ষ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা সীমান্তবর্তী এলাকায় সংগঠনকে নতুন করে শক্তিশালী করার পরিকল্পনায় সক্রিয় ছিলেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা ও রিজিওনাল কমিটির সদস্য মদন মাহাতো ওরফে শংকর, সরাইকেলা-খরসওয়া জেলার সাব-জোনাল কমান্ডার সাগর সিং ওরফে বীরেন এবং তাঁর স্ত্রী মীরা পাহাড়িয়া ওরফে মিনা, যিনি সংগঠনের সাব-জোনাল কমিটির সদস্য।

পুলিশ জানিয়েছে, তিনজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক নাশকতার অভিযোগ ছিল। মদন মাহাতোর মাথার ওপর ১৫ লক্ষ টাকা এবং বীরেন ও মীরার মাথার ওপর ৫ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা ছিল।

অভিযানের সময় ধৃতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং একটি ওয়াকিটকি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, এগুলো সীমান্ত এলাকায় মাওবাদী কার্যকলাপ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে সীমান্তবর্তী জঙ্গল এলাকায় সক্রিয় অন্যান্য মাওবাদী সদস্যদের অবস্থান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ-এর গতিবিধি সম্পর্কেও তদন্ত এগোতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি মাওবাদ দমন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচ্চপর্যায়ের বৈঠকের পর সীমান্তবর্তী রাজ্যগুলিতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। তারই মধ্যে এই অভিযানকে মাওবাদবিরোধী লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছে ঝাড়খণ্ড পুলিশ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ সীমান্তে মাওবাদী নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দিতে আগামী দিনেও ধারাবাহিক অভিযান চালানো হবে।