অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মুছে যাওয়ার গ্রামের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মুছে যাওয়ার গ্রামের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ
অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মুছে যাওয়ার গ্রামের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ
 
গুয়াহাটি ঃ 

অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। আপদকালীন সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিশ্রুত এই সংগঠনটি বিভিন্ন শাখাকেন্দ্রের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রথম পর্যায়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের শিলং শাখার পক্ষ থেকে স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ যোরহাটে ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী শিশির মহারাজের হাতে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তুলে দেন। এর মধ্যে ছিল বিশুদ্ধ পানীয় জল, ফিনাইল, সাবান, শুকনো খাবার, শাড়ি, ব্লিচিং পাউডার, চাল এবং স্প্রে মেশিনসহ একাধিক জরুরি সামগ্রী।

দ্বিতীয় পর্যায়ে শিলং শাখার উদ্যোগে ও ডিব্রুগড় জেলার বিরাজ ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় শিবসাগর জেলার নেপালি খুঁটি, বার্মিরি গাঁও, নেমাই জান, গহন গাঁও, বেতবাড়ি বেলেহী, বগাড়ি গুড়ি, যমুনা পার-সহ একাধিক বন্যাকবলিত এলাকায় ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। দুর্গত গ্রামবাসীদের হাতে কাদা পরিষ্কারের জন্য ওয়াইপার, বিশুদ্ধ পানীয় জল, চাল, ডাল, মশারি, বিছানার চাদর, প্লাস্টিকের মাদুর, কম্বল, গেঞ্জি, নাইটি, শাড়ি, মেখেলা-চাদর এবং মহিলাদের জন্য স্যানিটারি প্যাড তুলে দেন।

শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি সঙ্ঘের উদ্যোগ। দুর্গত এলাকায় একটি স্বাস্থ্যশিবিরেরও আয়োজন করা হয়, যেখানে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ফলে বন্যার পর স্বাস্থ্যঝুঁকিতে থাকা বহু মানুষ উপকৃত হন।

ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে জানা গেছে, এই মানবিক সেবা কার্যক্রম এখানেই শেষ নয়। আগামী পর্যায়েও দুর্গত মানুষের পাশে থেকে আরও বিস্তৃত আকারে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শিলং শাখার পক্ষ থেকে একটি সম্পূর্ণ গ্রামের পুনর্বাসন ও দায়িত্ব গ্রহণের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় । মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে সঙ্ঘ ভবিষ্যতেও বন্যাদুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


শেহতীয়া খবৰ