ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 9 d ago
ফাইল চিত্র
ফাইল চিত্র

 

নয়াদিল্লি:


বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি হিসেবে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান (Chief of the Army Staff) হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। শনিবার প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে।বর্তমানে তিনি সেনাবাহিনীর ভাইস চিফ পদে কর্মরত রয়েছেন। আগামী ৩০ জুন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করলে সেদিন থেকেই লেফটেন্যান্ট জেনারেল শেঠ সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। নিয়োগের ক্ষেত্রে সরকার সেনাবাহিনীর প্রচলিত জ্যেষ্ঠতার নীতি অনুসরণ করেছে।

লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ), খড়গওয়াসলা-র প্রাক্তনী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কর্পস-এ কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি ভারতীয় সেনার অন্যতম প্রধান স্ট্রাইক ফোর্স সুদর্শন চক্র কর্পস-এর কমান্ডার ছিলেন। পরে তিনি দিল্লি এরিয়া কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন।

এরপর আর্মি কমান্ডার হিসেবে তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ড—এই দুই গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেন। দুইটি পৃথক আর্মি কমান্ড পরিচালনার বিরল কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।পেশাগত শিক্ষায়ও তিনি ছিলেন অত্যন্ত কৃতী। তিনি হায়ার কমান্ড কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর স্নাতক এবং ফ্রান্সের মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স-এও অংশগ্রহণ করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।