উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে খতম দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি
নয়াদিল্লি:
উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার নাসিম দুরানির। শুক্রবার দিল্লি পুলিশের একটি দল এবং নয়ডা এসটিএফের যৌথ অভিযানে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ ছিল নাসিমের। দিল্লির এক মন্ত্রীর দফতরের বাইরে সংঘটিত খুনের ঘটনায়ও তার জড়িত থাকার সন্দেহ ছিল।
গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহার এলাকায় আইনমন্ত্রী কপিল মিশ্রের ক্যাম্প অফিসের বাইরে খুন হন সমীর নামে এক ব্যক্তি। তদন্তে উঠে আসে নাসিম দুরানির নাম। তদন্তকারীদের সন্দেহ, হামলার সময় সমীরকে লক্ষ্য করে প্রায় ১৬ রাউন্ড গুলি চালানো হয়েছিল।
ওই খুনের ঘটনায় নাসিমের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর থেকেই তার গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, নাসিমের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ-সহ প্রায় ২৫টি ফৌজদারি মামলা দায়ের ছিল।
এছাড়াও পুলিশি সূত্রে জানা গিয়েছে, আন্ডারওয়ার্ল্ডের আর এক কুখ্যাত অপরাধী ছোট শাকিলের সঙ্গেও নাসিমের যোগাযোগ ছিল বলে খবর। এনকাউন্টারের পর গোটা ঘটনার তদন্ত চলছে।