শান্তিপ্রিয় রায় চৌধুরী
ভারত ও বাংলার প্রাক্তন পেসার অশোক দিন্দা বাংলার নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন। এই প্রাক্তন পেসার অশোক দিন্দা এবার পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে জয়ী হয়েছেন। গতবারও তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে। তিনি এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলকে ১৬,২৪১ ভোটে পরাজিত করেন।
প্রতিমন্ত্রী হিসেবে দিন্দার কাজটা কি? এখন তিনি বিজেপি-নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন। সম্প্রসারিত মন্ত্রিসভায় নবনিযুক্ত অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি প্রশাসন পরিচালনায় অবদান রাখাই হবে তাঁর কাজ।
এই দায়িত্ব পাওয়ার পর তিনি তাঁর নির্বাচনী এলাকার বাইরে জনসেবার প্রসার ঘটানোর এবং রাজ্য প্রশাসনের বৃহত্তর কাঠামোর মধ্যে কাজ করার সুযোগ তাকে করে দিয়েছে। মন্ত্রী সভা গঠনের আগে তিনি আলোচনায় ছিলেন হয়তো খেলাধুলার দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ শুরু করবেন। কিন্তু তাকে দেয়া হলো দলের গুরুত্বপূর্ণ এই কাজ।
জানা গেছে, গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলিতে দলের উপস্থিতি জোরদার করার জন্য অশোক দিন্দাকে কাজ করতে হবে। ময়নায় তাঁর পরপর জয়, প্রথমবার ২০২১ সালে এবং আবারও সর্বশেষ বিধানসভা নির্বাচনে, পূর্ব মেদিনীপুরে ভোটারদের অবিচল সমর্থনই তা প্রমাণ করে।
উল্লেখ্য, ২০০৯ সালে ভারতের হয়ে অভিষেক করে দিন্দার। তিনি ১৩টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তিনি যথাক্রমে ১২টি ও ১৭টি উইকেট নেন। ঘরোয়া ক্রিকেটে রয়েছে তার রেকর্ড। ৩০০-র বেশি সাদা বলের খেলায় নিয়েছেন ৩০০ রং বেশি উইকেট, এবং ৪২০টি প্রথম-শ্রেণির উইকেট রয়েছে।
অন্যদিকে, আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭৮টি ম্যাচে ৬৯টি উইকেট শিকার করেছেন। ২০২১ সালে অবসর গ্রহণের পর তিনি বিজেপিতে যোগ দেন এবং একই বছর ময়না থেকে তার প্রথম নির্বাচনে জয়ী হন।
প্রতিমন্ত্রীর পদ পেয়ে দারুন খুশি অশোক দিন্দা। প্রতিবেদককে শপথ গ্রহণের পরেই বললেন, "আমি একজন স্পোর্টসম্যান। খেলাধুলা ভালোবাসি। খেলাধুলার বাইরে এই পদের দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত বোধ করছি। বিজেপি সরকারের দেওয়া এই কাজ আমি মাথা পেতে নিলাম। দলকে আগামী দিনে আরো এগিয়ে যেতে সাহায্য করব। তবে এর পাশাপাশি বাংলার খেলাধুলার দিকে অবশ্যই নজর রাখবো।"