কলকাতা:
প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। বুধবার সন্ধ্যায় দুই জলাধার মিলিয়ে প্রায় ১.২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এর পরেই পশ্চিমবঙ্গের দামোদরের নিম্ন অববাহিকার একাধিক এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, জলাধারগুলির ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকেও জলপ্রবাহ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটি (ডিভিআরআরসি) মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিভিসির সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার নিচু ও নদী তীরবর্তী এলাকাগুলিতে এর প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গ সরকার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আসানসোলের অতিরিক্ত জেলাশাসককে সতর্ক করে নদী তীরবর্তী এলাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিভিসির এক আধিকারিক জানান, জলাধারগুলিতে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় বাঁধের নিরাপত্তা এবং অতিরিক্ত জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া হচ্ছে। বৃষ্টিপাত ও জলপ্রবাহের পরিস্থিতি বদলালে জল ছাড়ার পরিমাণও পুনর্বিবেচনা করা হতে পারে।
দামোদরের নিম্ন অববাহিকায় জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। তবে ডিভিসি আধিকারিকদের দাবি, জল ছাড়ার সিদ্ধান্ত এককভাবে ডিভিসি নেয় না। ডিভিআরআরসি জলাধারের জলস্তর, জলপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয় এবং ওই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন।
এদিকে বিপুল পরিমাণ জল ছাড়ার পর নদীর জলস্তর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলির উপর নজরদারি বাড়িয়েছে প্রশাসন। নদী তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।