বিদেশি অনুদান গ্রহণে FCRA লঙ্ঘনের অভিযোগ, অরুণাচলের আইনজীবী-পরিবেশকর্মী ভানু তাতকের বিরুদ্ধে CBI মামলা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 h ago
বিদেশি অনুদান গ্রহণে FCRA লঙ্ঘনের অভিযোগ, অরুণাচলের আইনজীবী-পরিবেশকর্মী ভানু তাতকের বিরুদ্ধে CBI মামলা
বিদেশি অনুদান গ্রহণে FCRA লঙ্ঘনের অভিযোগ, অরুণাচলের আইনজীবী-পরিবেশকর্মী ভানু তাতকের বিরুদ্ধে CBI মামলা

 

ইটানগর:

 
 বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা FCRA লঙ্ঘনের অভিযোগে অরুণাচল প্রদেশের আইনজীবী ও পরিবেশকর্মী ভানু তাতকের বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কর্মকর্তারা জানিয়েছেন, তাতক ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স’ ফোরাম (SIFF)-এর সঙ্গে যুক্ত এবং নাগরিক সংগঠন ‘দিবাং রেজিস্ট্যান্স’-এর সমন্বয়কারী।

CBI-এর FIR অনুযায়ী, FCRA-র অধীনে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন বা পূর্বানুমতি না নিয়েই তাতক তাঁর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিদেশি অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ। ২০ আগস্ট দায়ের করা FIR-এ তাতক ছাড়াও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে।তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশি মুদ্রা লেনদেনের মাধ্যমে তাঁর রোয়িংয়ের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে মোট ২০.৯৪ লক্ষ টাকা জমা পড়ে। এই অর্থের সম্ভাব্য উৎস হিসেবে ফিলিপিন্সের Asia Indigenous Peoples Network on Extractive Industries and Energy এবং Indigenous Peoples Rights International, আয়ারল্যান্ডের Front Line এবং ব্রিটেনের Human Rights Resource Centre-সহ কয়েকটি বিদেশি সংস্থা ও ব্যক্তির নাম FIR-এ উল্লেখ করা হয়েছে।

বাঁধবিরোধী আন্দোলনে অর্থ ব্যবহারের অভিযোগ,CBI-এর অভিযোগ, ওই বিদেশি অর্থ অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP) এবং দিবাং মাল্টিপারপাস হাইড্রোপাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত ও চালিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, এই ধরনের কার্যকলাপ দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছিল।

CBI আরও অভিযোগ করেছে, তাতক ২০১৭-১৮ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেননি এবং সরকারি নথিতে ওই বিদেশি অর্থপ্রাপ্তির কথা উল্লেখ করেননি।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে CBI-এর করা প্রাথমিক অনুসন্ধানের পর এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ অস্বীকার ভানু তাতকের তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভানু তাতক। তিনি জানিয়েছেন, তিনি আইন মেনে চলেন এবং তদন্তে সহযোগিতা করছেন।

তাতকের দাবি, নদী সংরক্ষণে কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘ভাগীরথ প্রয়াস সম্মান অ্যাওয়ার্ড, ইন্ডিয়া ২০২৩’ পেয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে মহারাষ্ট্রে অনুষ্ঠিত ১০ম India Rivers Week অনুষ্ঠানে তাঁকে এবং Dibang Resistance-কে এই সম্মান দেওয়া হয়।

তাতক এবং তাঁর সঙ্গে যুক্ত সংগঠনগুলি সিয়াং নদীর উপর প্রস্তাবিত ১২,৫০০ মেগাওয়াটের সিয়াং মাল্টিপারপাস প্রজেক্ট এবং দিবাং নদীর উপর প্রস্তাবিত ২,৮৮০ মেগাওয়াটের দিবাং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে আসছে।

২০২৫ সালের সেপ্টেম্বরেও তাতক খবরের শিরোনামে এসেছিলেন। অরুণাচল প্রদেশ পুলিশের জারি করা লুকআউট সার্কুলারের ভিত্তিতে দিল্লি বিমানবন্দরে তাঁকে আয়ারল্যান্ডগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল বলে জানা যায়। ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে তিন মাসের একটি শিক্ষামূলক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৫ ইটানগরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন।তবে CBI-এর FIR-এ ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্তাধীন।