অসমের তিন রাজ্যসভা আসনেই লড়বে বিজেপি ও শরিকরা: হিমন্ত বিশ্ব শর্মা

Story by  atv | Posted by  Aparna Das • 2 Months ago
হিমন্ত বিশ্ব শর্মা
হিমন্ত বিশ্ব শর্মা
 
গুয়াহাটি

অসমে চলতি বছরের এপ্রিল মাসে যে তিনটি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে, সেগুলির সবকটিতেই বিজেপি ও তার শরিক দলগুলি প্রার্থী দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই তিনটির মধ্যে দু’টি আসনে তাঁদের জয় নিশ্চিত, আর তৃতীয়টিও তাঁদের ঝুলিতে যেতে পারে।
 
এপ্রিল মাসে বিজেপির দুই রাজ্যসভা সাংসদ ভুবনেশ্বর কলিতা ও রামেশ্বর তেলি এবং এক স্বতন্ত্র সাংসদ অজিত ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি, অসম গণপরিষদ (এজিপি) এবং আমাদের ঐক্যবদ্ধ জোট তিনটি আসনেই প্রার্থী দেবে। দু’টি আসনে আমরা নিশ্চিতভাবেই জিতব। তৃতীয়টি জিততেও পারি, হারতেও পারি।”
 
হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগের বার অজিত ভূঁইয়ার বিরুদ্ধে বিজেপি বা তার শরিকরা কোনও প্রার্থী দেয়নি, কারণ তাঁরা ভেবেছিলেন তিনি নিরপেক্ষ থাকবেন এবং জনস্বার্থে কাজ করবেন। তবে রাজ্যসভা সাংসদ হিসেবে তাঁর তহবিল ব্যবহারের বিষয়টি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সকলেরই জানা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
 
বর্তমান অসম বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬৪। তাদের শরিক দলগুলির মধ্যে এজিপির ৯ জন, ইউপিপিএল-এর ৭ জন এবং বিউপিএফ-এর ৩ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসের ২৬ জন, এআইইউডিএফ-এর ১৫ জন এবং সিপিআই(এম)-এর একজন বিধায়ক রয়েছেন। এছাড়া একজন স্বতন্ত্র বিধায়কও আছেন।