দেবকিশোর চক্রবর্তী
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মঙ্গলবার ২৯১টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলীয় সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলকাতা ও জেলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অভিজ্ঞ নেতা, বর্তমান বিধায়ক এবং নতুন মুখদের মিলিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী অরূপ বিশ্বাস, কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম এবং বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়। বেলেঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কুনাল ঘোষকে। রাসবিহারী কেন্দ্র থেকে দেবাশীষ কুমার এবং বারাসাত থেকে সব্যসাচী দত্তকে প্রার্থী করেছে দল। সোনারপুর দক্ষিণে প্রার্থী লাভলী মৈত্র এবং বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়।
ভাঙড় কেন্দ্রে শওকত মোল্লা, মেখলিগঞ্জে পরেশ অধিকারী, শিলিগুড়িতে গৌতম দেব, ইসলামপুরে কানাইলাল আগারওয়াল এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন, কসবা থেকে জাভেদ খান এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে অতীন ঘোষ প্রার্থী হচ্ছেন। শ্যামপুকুর কেন্দ্রে শশী পাঁজা, বিধাননগরে সুজিত বসু এবং রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সিকে প্রার্থী করা হয়েছে।
কোচবিহার উত্তর থেকে পার্থ প্রতিম রায়, চুঁচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্য, রাজারহাট-নিউটাউন থেকে তাপস চট্টোপাধ্যায় এবং কামারহাটি থেকে মদন মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল। যাদবপুরে নয়না মজুমদার এবং চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়া থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য, মালতীপুরে আব্দুল রহিম বক্সি এবং পান্ডুয়ায় সমীর চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে।
ফলতা কেন্দ্র থেকে জাহাঙ্গীর খান, হাওড়া মধ্য থেকে অরূপ রায়, চাঁচল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। ডোমকল থেকে হুমায়ুন কবির এবং মানিকতলা থেকে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। ভাঙড় কেন্দ্র থেকেও আবার শওকত মোল্লার নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়াও উত্তরপাড়া কেন্দ্রে নতুন মুখ হিসেবে আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। জোড়াসাঁকোতে বিজয় উপাধ্যায়, সিঙ্গুরে বেচারাম মান্না এবং ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। করিমপুরে সোহম চক্রবর্তী, এন্টালিতে সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।
দল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ নেতা ও মন্ত্রীদের পাশাপাশি তরুণ এবং নতুন মুখদের সুযোগ দিয়েই এবারের প্রার্থী তালিকা সাজানো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই প্রার্থী তালিকার মাধ্যমে রাজ্যে চতুর্থবারের জন্য সরকার গঠনের লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস।