কৃত্রিম প্যাচ নয়, নিজের শরীরের টিস্যু দিয়েই হৃদযন্ত্রের ছিদ্র মেরামত! রোবোটিক সার্জারিতে নতুন জীবন পেল বিহারের ১৩ বছরের কিশোর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

কলকাতা:

জন্মগতভাবে হৃদযন্ত্রে বড় ছিদ্র ছিল। সেই জটিল সমস্যা কাটিয়ে রোবোটিক সার্জারির মাধ্যমে নতুন জীবন পেল বিহারের নওয়াদা জেলার ১৩ বছরের এক কিশোর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা কৃত্রিম প্যাচের পরিবর্তে কিশোরের নিজের শরীরের টিস্যু ব্যবহার করেই হৃদযন্ত্রের ছিদ্র মেরামত করেছেন। মঙ্গলবার হাসপাতালের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন।

কলকাতার মুকুন্দপুরে অবস্থিত নারায়ণা আর এন টেগোর হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিশোরের হৃদযন্ত্রে ‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ (ASD) ধরা পড়েছিল। এই সমস্যায় হৃদযন্ত্রের উপরের দুটি প্রকোষ্ঠের মাঝের দেওয়ালে ছিদ্র তৈরি হয়। ছিদ্রের আকার বড় হওয়ায় ক্যাথেটার-ভিত্তিক যন্ত্রের সাহায্যে তা বন্ধ করা সম্ভব ছিল না। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়ে।

চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে কৃত্রিম প্যাচ ব্যবহার না করে কিশোরের হৃদযন্ত্রকে ঘিরে থাকা দ্বিস্তরীয় আবরণ ‘পেরিকার্ডিয়াম’-এর টিস্যু দিয়েই ছিদ্রটি বন্ধ করা হয়েছে।

হাসপাতালের এক আধিকারিক জানান, অস্ত্রোপচারের পর সুস্থ হতে কতটা সময় লাগবে এবং তার প্রভাব কিশোরের পড়াশোনায় পড়বে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার। একাধিক চিকিৎসার বিকল্প খতিয়ে দেখার পর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে রোবোটিক সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালের কার্ডিয়াক ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক ললিত কাপুরের নেতৃত্বে একটি দল অস্ত্রোপচারটি সম্পন্ন করে। চিকিৎসক কাপুর জানান, এই পদ্ধতিতে শরীরে ছোট ছোট ছেদ তৈরি করেই অস্ত্রোপচার করা হয়েছে। ফলে অস্ত্রোপচারের পর ব্যথা ও অস্বস্তি কম হয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বিকল্প হিসেবে প্রচলিত পদ্ধতিতে অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে রোবোটিক পদ্ধতিতে ছোট ছেদের মাধ্যমেই হৃদযন্ত্রের ছিদ্র বন্ধ করা সম্ভব হয়েছে। রোগীর নিজের পেরিকার্ডিয়ামের টিস্যুকেই প্রাকৃতিক প্যাচ হিসেবে ব্যবহার করা হয়েছে।

নারায়ণা হেলথ গ্রুপের চিফ অপারেটিং অফিসার আর ভেঙ্কটেশের বক্তব্য, এই অস্ত্রোপচার উন্নত হৃদরোগ চিকিৎসা এবং রোগীকেন্দ্রিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালের অঙ্গীকারের প্রতিফলন।

অন্যদিকে, নারায়ণা হেলথ ইস্টের কলকাতা ও কর্পোরেট গ্রোথ ইনিশিয়েটিভের ডিরেক্টর তথা ক্লাস্টার হেড অভিজিৎ সিপি বলেন, রোবোটিক পদ্ধতিতে ASD মেরামতের ক্ষেত্রে রোগীর নিজের টিস্যু ব্যবহার করা ন্যূনতম আক্রমণাত্মক হৃদযন্ত্রের অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।



শেহতীয়া খবৰ