জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, টলিউডে আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, টলিউডে আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’
জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, টলিউডে আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’

শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

 প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হচ্ছে নতুন বাংলা মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। নির্মাতাদের দাবি, গান, আবেগ, স্বপ্ন ও সংগ্রামের মেলবন্ধনে তৈরি এই ছবি বাংলা চলচ্চিত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে।ছবির গল্প, চিত্রনাট্য, সঙ্গীত পরিচালনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। প্রযোজক এমডি ফারুক উদ্দিন। ‘গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ এবং ‘বর্ষা মুভিজ’-এর প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
 
ছবির গল্প আবর্তিত হয়েছে এক তরুণ সংগীতপ্রেমীকে ঘিরে। ছোটবেলা থেকেই জুবিন গার্গ তাঁর আদর্শ। জীবনে একবার প্রিয় শিল্পীর সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে বড় হতে থাকে সে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের টানাপোড়েনের মধ্য দিয়েই এগোয় তার জীবন। সেই আবেগঘন যাত্রাপথই উঠে আসবে ছবির পর্দায়। নির্মাতাদের দাবি, ছবির শেষাংশে রয়েছে একটি বিশেষ চমক, যা গল্পকে অন্য মাত্রা দেবে।
 
পরিচালক শ্রী প্রীতম জানান, ২০১১ সাল থেকে সঙ্গীত পরিচালক হিসেবে জুবিন গার্গের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর হয়েছিল। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থেকেই এই ছবির ভাবনা। তিনি বলেন, গল্পটি শোনার পরই প্রযোজক ছবিটি নির্মাণে সম্মতি দেন। পাশাপাশি, জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের অনুমতি নিয়েই ছবির কাজ শুরু হয়েছে।ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে জুবিন গার্গের দুটি অপ্রকাশিত গান, যা প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে আসবে বলে জানিয়েছেন নির্মাতারা।
 
অভিনয়ে রয়েছেন ইকবাল রহিমি, বর্ষা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। ছবির প্রথম লুক প্রকাশ করবেন জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ।
 
সংগীতপ্রেমীদের কাছে এই ছবি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক আবেগঘন নিবেদন হয়ে উঠবে বলেই আশাবাদী ছবির নির্মাতারা।