শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সাময়িক আকাশপথ বন্ধের জেরে দুবাইয়ে আটকে পড়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তাঁর ছোট ছেলে ইউভান। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্কুলের ছুটিতে ছেলেকে নিয়ে দুবাই সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির পর উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় বিধিনিষেধ জারি হওয়ায় ভারতগামী একাধিক উড়ান বাতিল হয়েছে। ফলে আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তাঁদের।
পরিস্থিতি জটিল হলেও নিরাপদেই রয়েছেন শুভশ্রী ও ইউভান। অভিনেত্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, দু’জনেই দুবাইয়ের হোটেলে নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের নির্দেশিকা মেনে চলছেন। তিনি বলেন, বর্তমানে তাঁরা সুরক্ষিত আছেন এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সরকারি নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের একাধিক স্থানে হামলার পর গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়। তার জেরেই উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়। ফলে বহু আন্তর্জাতিক উড়ান বাতিল বা বিলম্বিত হয়েছে। ভারতীয় যাত্রীদের একটি বড় অংশও এই পরিস্থিতির কারণে বিভিন্ন বিমানবন্দর ও হোটেলে আটকে পড়েছেন।
একই পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। তিনিও দুবাইয়ে আটকে থেকে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহায়তার আবেদন জানান। তাঁর বার্তায় তিনি লেখেন, বর্তমান সঙ্কটের কারণে দেশে ফেরার কোনও স্পষ্ট উপায় নেই এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের দিকনির্দেশনা কামনা করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এদিকে আবু ধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। সাময়িক ও সতর্কতামূলক আকাশপথ বন্ধের কারণে যে সমস্ত ভারতীয় যাত্রী সমস্যায় পড়েছেন, তাঁদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সব রকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী সহ বহু ভারতীয়। আকাশপথ চালু হলেই তাঁদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। তবে পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।