দেবকিশোর চক্রবর্তী
বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও জল্পনা। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য— সেই উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে আচমকাই বিকট শব্দ শুনে বাড়ির বাইরে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। বাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরিচালককে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাঁকে। যদিও হাসপাতালের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি, পরিবারের ঘনিষ্ঠ সূত্রে পরে খবর আসে, শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি পরিচালককে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গড়িয়াহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এমনকি তদন্তে নেমেছে হোমিসাইড শাখাও। পরিচালকের বাড়ির নিচে এখনও রক্তের দাগ দেখা গিয়েছে বলে স্থানীয়দের দাবি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়ির সামনে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা— সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে খবর। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলছে পুলিশ।বাংলা চলচ্চিত্র জগতে অনীক দত্ত ছিলেন এক ব্যতিক্রমী নাম। তাঁর ছবিতে যেমন ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ, তেমনই ছিল সমাজ ও সময়কে দেখার আলাদা দৃষ্টিভঙ্গি। ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ছবিটি আজও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যঙ্গাত্মক চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। এছাড়াও মেঘনাদবধ রহস্য, বরুণবাবুর বন্ধু, ভবিষ্যতের ভূত এবং অপরাজিত-র মতো ছবির মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন।
বিশেষ করে ‘অপরাজিত’ ছবিতে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জীবন ও সৃষ্টির প্রতি তাঁর শ্রদ্ধা দর্শক ও সমালোচকদের মন কেড়েছিল। তাঁর সিনেমা শুধু বিনোদন দেয়নি, ভাবিয়েছেও। ফলে তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে শোকস্তব্ধ টলিউড। ইতিমধ্যেই বহু অভিনেতা, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
একজন সৃজনশীল পরিচালক হিসেবে অনীক দত্ত বাংলা সিনেমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের জন্য নিঃসন্দেহে এক বড় ক্ষতি। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, সেই উত্তর মিলবে তদন্ত শেষ হওয়ার পরই।