পেনসিলভানিয়া , মার্কিন যুক্তরাষ্ট্রঃ
পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশীয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘কামিং সুন’ লিখে পোস্ট দিয়েছেন।
বায়োপিকটি নির্মিত হয়েছে মাইকেল জ্যাকসনের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত নানা অধ্যায়কে কেন্দ্র করে। পপ সংগীতের ইতিহাসে যাকে “কিং অব পপ” বলা হয়, সেই মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই পরিবারের সদস্য জাফার জ্যাকসন। মেকআপ, গেটআপ এবং চরিত্রায়ণে তাকে অনেকটাই বাস্তব মাইকেল জ্যাকসনের মতোই দেখাচ্ছে বলে সিনেমা সংশ্লিষ্ট মহল ও দর্শকদের একাংশ মত দিয়েছেন।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা ও কৌতূহল এখনও কমেনি। তাঁর গান, পারফরম্যান্স, মঞ্চ উপস্থাপনা এবং অনন্য নৃত্যশৈলী বিশ্ব সংগীতকে নতুনভাবে প্রভাবিত করেছে। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও বিতর্কও তাকে ঘিরে রেখেছে আলোচনায়।
বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই সংগীত তারকা মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর জীবনকে কেন্দ্র করে নির্মিত এই বায়োপিক দর্শকদের সামনে তুলে ধরবে তার খ্যাতি, সংগ্রাম, সাফল্য এবং আলোচিত নানা অজানা অধ্যায়।
সিনেমাটির পরিচালক অ্যান্টনি ফুকো জানিয়েছেন, এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের জীবনের এমন অনেক দিক দেখানো হবে, যা আগে কখনও পর্দায় আসেনি। ফলে সিনেমাটি ঘিরে বিশ্বব্যাপী প্রত্যাশা এখন তুঙ্গে।