মালিগাঁওয়ে রেলওয়ের উদ্যোগে ‘জুবিন গার্গ রেলওয়ে বিহুতলি’— রঙালি বিহু উদযাপনে নতুন ঠিকানা
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অসমের মালিগাঁওয়ে বিহু ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের জন্য ‘বিহুতলি’ নামে একটি আধুনিক সাংস্কৃতিক প্রাঙ্গণ গড়ে তুলেছে। এই প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে বিশিষ্ট শিল্পী জুবিন গার্গ-এর সম্মানে—‘জুবিন গার্গ রেলওয়ে বিহুতলি’। এই নামকরণ শিল্পীর প্রতি অসমবাসীর গভীর শ্রদ্ধা ও সাংস্কৃতিক সংযোগের প্রতিফলন।
নতুন এই প্রাঙ্গণে রয়েছে একাধিক আধুনিক সুবিধা—স্থায়ী মঞ্চ, ভোজনকক্ষ, শৌচাগার কমপ্লেক্স, কমিউনিটি স্পেস, বাউন্ডারি ওয়াল এবং সর্ব-আবহাওয়োপযোগী একটি খোলা মাঠ। ফলে বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এটি একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো হিসেবে গড়ে উঠেছে। ১৪ থেকে ১৭ এপ্রিল, ২০২৬ পর্যন্ত মালিগাঁওয়ের ‘পাণ্ডু বিহু সম্মিলনী’-র উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক রঙালি বিহু উদযাপনের জন্য এই প্রাঙ্গণ সম্পূর্ণ প্রস্তুত। এই উপলক্ষে সম্প্রতি নবনির্মিত মাঠে একটি প্রি-বিহু উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এছাড়াও রেল আধিকারিক, স্থানীয় বাসিন্দা এবং সংস্কৃতিপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জুবিন গার্গের বোন, যিনি পরিবারের পক্ষ থেকে এই সম্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এই উদ্যোগ আঞ্চলিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে তাদের প্রতিশ্রুতিকেই তুলে ধরে। ‘জুবিন গার্গ রেলওয়ে বিহুতলি’ কেবল একটি প্রাঙ্গণ নয়, বরং অসমের সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতীক হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।