ভারতীয় চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করতে বড় উদ্যোগ কেন্দ্রের, সিনেমা হল সম্প্রসারণ ও বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়াতে দুটি নতুন পদক্ষেপ
নয়াদিল্লি:
ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী, আধুনিক এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে দুটি বড় উদ্যোগের ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একইসঙ্গে দেশের ছোট শহর ও গ্রামীণ এলাকায় সিনেমা হলের সংখ্যা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।
নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে চলচ্চিত্র নির্মাণ, বিতরণ এবং প্রযুক্তির ব্যবহারকে আরও উন্নত করতে অবিলম্বে বিভিন্ন কাঠামোগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
প্রসূন যোশীর নেতৃত্বে উচ্চপর্যায়ের স্টাডি গ্রুপ ।এই উদ্যোগের অংশ হিসেবে বিশিষ্ট গীতিকার ও লেখক প্রসূন যোশী-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের স্টাডি গ্রুপ গঠন করা হয়েছে। এই কমিটিতে চলচ্চিত্র শিল্পের বিশেষজ্ঞ এবং প্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিরা থাকবেন।কমিটির প্রধান কাজ হবে—ভারতীয় চলচ্চিত্র শিল্পের বর্তমান সুযোগ ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করা।আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমাকে আরও প্রতিযোগিতামূলক করার সুপারিশ করা।চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ভার্চুয়াল প্রোডাকশন-এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপায় খুঁজে বের করা।চলচ্চিত্র নির্মাতাদের জন্য সহজে প্রাতিষ্ঠানিক ঋণ ও বিকল্প অর্থায়নের ব্যবস্থা করার সুপারিশ করা।
প্রযোজনা ও বিতরণের জন্য মূলধন সংগ্রহের সমস্যার সমাধান এবং রাজ্য সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন করা।
কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ছোট শহর ও গ্রামে বাড়বে সিনেমা হল,অন্যদিকে, দেশে সিনেমা হলের সংখ্যা বাড়াতে মডেল স্টেট সিনেমা রেগুলেশনস-ও তৈরি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।বর্তমানে সিনেমা হল নির্মাণ ও পরিচালনার নিয়ম রাজ্যভেদে আলাদা হওয়ায় অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। এই সমস্যা দূর করতে কেন্দ্র একটি অভিন্ন নীতিমালা তৈরি করে সব রাজ্যের কাছে তা গ্রহণের আহ্বান জানিয়েছে।
মন্ত্রকের দাবি, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই খসড়া নীতিমালা তৈরি হয়েছে। এর ফলে অনুমোদন প্রক্রিয়া সহজ হবে, বিনিয়োগ বাড়বে এবং ছোট শহর ও গ্রামীণ এলাকাতেও নতুন সিনেমা হল গড়ে উঠবে। প্রয়োজনে এই নীতিমালা বাস্তবায়নে রাজ্যগুলিকে সহযোগিতাও করবে কেন্দ্র।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতে, এই দুই উদ্যোগের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করে তোলার পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের কাছে সিনেমার সহজলভ্যতা বাড়ানোই মূল লক্ষ্য।