ত্রিপুরায় ৪৫০টি স্কুলে প্রাক-প্রাথমিক ইউনিট চালুর সিদ্ধান্ত, আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
আগরতলা

ত্রিপুরা সরকার আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ৪৫০টি স্কুলে প্রাক-প্রাথমিক (নার্সারি) ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে রবিবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন।
 
অধিকারিকের মতে, ২০১৮ সাল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে মাত্র ৯টি প্রাক-প্রাথমিক স্কুল ছিল। এরপর ধীরে ধীরে সেই সংখ্যা বেড়ে ২৩৬-এ পৌঁছেছে। নতুন করে আরও ৪৫০টি ইউনিট চালু হলে সরকারি স্কুলগুলিতে মোট প্রাক-প্রাথমিক সুবিধার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৯৫।
 
প্রাথমিক শিক্ষা দফতরের পরিচালক রাজীব দত্ত জানান, “সব জেলা শিক্ষা আধিকারিকদের (ডিইও) নির্দেশ দেওয়া হয়েছে তালিকাভুক্ত স্কুলগুলিতে দ্রুত প্রাক-প্রাথমিক ইউনিট চালুর ব্যবস্থা নিতে এবং পুরো প্রক্রিয়াটি যেন দফতরের নির্ধারিত নির্দেশিকা মেনে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে।”
 
ত্রিপুরায় বর্তমানে প্রায় ৪,৮০০টি স্কুল রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা নীতি (এনইপি)-তে প্রারম্ভিক শৈশব শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং সরকারি স্কুলগুলিতে ভর্তি বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
শিক্ষা দফতর ১৯ মার্চ জারি করা এক স্মারকে নির্দেশ দিয়েছে যে, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালন সমিতি, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে অবহিত ও সচেতন করতে হবে, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই নার্সারিতে ভর্তি প্রক্রিয়া সহজ হয়।
 
এছাড়াও, চিহ্নিত স্কুলগুলিতে প্রাক-প্রাথমিক ইউনিট চালু করার জন্য জেলা শিক্ষা আধিকারিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইউনিট চালুর অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
 
স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, প্রাক-প্রাথমিক ইউনিট চালুর ক্ষেত্রে কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট স্কুলগুলোকে সরাসরি সংশ্লিষ্ট জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।