প্রথম প্রচেষ্টায় UPSC–এ সাফল্য, মুর্শিদাবাদের সানা আজমি দেশের গর্ব

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 7 h ago
সানা আজমি
সানা আজমি
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

৬ মার্চ ২০২৬ তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫–এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এবারের ফলাফলে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী তরুণ–তরুণীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও এসেছে গর্বের খবর। বিশেষভাবে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলার কৃতী ছাত্রী সানা আজমি, যিনি সর্বভারতীয় ৭৬৪তম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি প্রথম প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জন করেছেন।
 
সানা আজমির বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর গ্রামে। তার এই কৃতিত্বে পরিবার, গ্রাম এবং গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ গর্বিত। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে অনেক সময় পরিযায়ী শ্রমিক বা রাজমিস্ত্রির জেলা হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবে জেলার শিক্ষাক্ষেত্রে গত কয়েক বছরে বড় পরিবর্তন এসেছে। বর্তমানে এই জেলায় বহু ডাক্তার, অধ্যাপক, প্রকৌশলী এবং ডব্লিউবিসিএস আধিকারিক তৈরি হয়েছে। সানা আজমির এই সাফল্য সেই ইতিবাচক পরিবর্তনেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ।
 

 
শিক্ষাবিদদের মতে, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের মধ্যে এখন উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। সানা আজমির এই অর্জন আগামী দিনে জেলার তরুণ প্রজন্মকে আরও বেশি করে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করবে। অনেকের মতে, ভবিষ্যতে আইএএস, আইপিএসের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের উপস্থিতি আরও বাড়বে।
 
এবারের ইউপিএসসি ফলাফলে সামগ্রিকভাবে মুসলিম প্রার্থীদের সাফল্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। মোট ৯৫৮ জন সফল প্রার্থীর মধ্যে প্রায় ৫৩ জন মুসলিম প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। 
 
প্রতীকী ছবি
 
সার্বিকভাবে এবারের ইউপিএসসি ফলাফল প্রমাণ করে যে দেশের প্রত্যন্ত গ্রাম থেকেও কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে জাতীয় স্তরের প্রশাসনিক পরিষেবায় পৌঁছানো সম্ভব। মুর্শিদাবাদের সানা আজমির মতো শিক্ষার্থীদের সাফল্য শুধু একটি জেলার নয়, গোটা পশ্চিমবঙ্গের তরুণ সমাজের জন্যই বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।