বিষ্ণুপুরে সাফল্যের জোয়ার: সিবিএসসি দশমে ৯৯% পেয়ে সম্ভাব্য ষষ্ঠ স্থানে শেখ আরিয়ান রহমান

Story by  atv | Posted by  Aparna Das • 1 Months ago
শেখ আরিয়ান রহমান
শেখ আরিয়ান রহমান
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হতেই আনন্দে ভাসছে বিষ্ণুপুর। এবারের পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৫ নম্বর পেয়ে সম্ভাব্য সর্বভারতীয় ষষ্ঠ স্থান অধিকার করেছে বিষ্ণুপুরের হেরিটেজ স্কুলের ছাত্র শেখ আরিয়ান রহমান। পাশাপাশি, সে সম্ভাব্যভাবে বাঁকুড়া জেলার প্রথম স্থানও অর্জন করেছে।
 
আরিয়ানের প্রাপ্ত নম্বর অত্যন্ত উল্লেখযোগ্য, ইংরেজিতে ৯৭, বাংলায় ৯৯, গণিতে পূর্ণ ১০০, বিজ্ঞানে ১০০ এবং সামাজিক বিজ্ঞানে ৯৯। মোট ৪৯৫ নম্বর পেয়ে সে ৯৯ শতাংশ নম্বর অর্জন করেছে, যা তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়েরই প্রমাণ।
 
বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গোপেশ্বর পল্লীর বাসিন্দা আরিয়ান ছোট থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দিয়ে এসেছে। তার পিতা শেখ হাবিবুর রহমান হাইস্কুলের এর একজন শিক্ষক এবং মা গৃহবধূ। পরিবার থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা পেয়েছে সে।
 
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠীদের সঙ্গে শেখ আরিয়ান রহমান
 
জানা গিয়েছে, আরিয়ানের পড়াশোনার কোনও নির্দিষ্ট সময়সূচি ছিল না। ফাঁকা সময় পেলেই সে পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলাতেও তার বিশেষ দক্ষতা রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই সে এই অসামান্য সাফল্য অর্জন করেছে।
 
তার এই সাফল্যের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে আরিয়ান। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার অথবা বিজ্ঞানী হতে চায়।
 
এদিকে, বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের ‘স্টার অ্যাচিভার’দের অসাধারণ শিক্ষাগত সাফল্য উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠা সত্যিই সফল হয়েছে এবং গোটা বিদ্যালয় পরিবারের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ আরিয়ান রহমানকে ৯৯% নম্বর অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন, পাশাপাশি সকল কৃতী ছাত্রছাত্রীদের তাদের অসাধারণ ফলাফলের জন্য শুভেচ্ছা। ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।”
 
শেখ আরিয়ান রহমানের এই সাফল্য শুধু তার নিজের নয়, গোটা বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার জন্যই এক গর্বের মুহূর্ত।