পশ্চিমবঙ্গে ভোটের আবহেও সময়মতো মাধ্যমিকের ফল, ৮ মে রেজাল্ট প্রকাশের ঘোষণা

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
কলকাতা

পশ্চিমবঙ্গে ভোটের আবহের মধ্যেই নির্ধারিত সময়েই প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, আগামী ৮ মে প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তবে ঠিক কখন ফল ঘোষণা করা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন এবং কোন ওয়েবসাইটে রেজাল্ট মিলবে, তা এখনও জানানো হয়নি। পর্ষদ সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সেই রীতি এ বছরও বজায় থাকল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। সেই হিসেবে পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথাতেই ফল প্রকাশ হতে চলেছে।
 
এবার প্রায় সাড়ে ন’ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই সব বিষয়ের নম্বর জমা পড়ে গিয়েছে। বর্তমানে নম্বর পুনরায় যাচাই ও চূড়ান্ত ফল প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।
 
যদিও এবারের ফল প্রকাশ ঘিরে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, পরীক্ষা শেষের পরপরই পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি শুরু হয়ে যায়। বহু শিক্ষক বিএলও হিসেবে নির্বাচনী কাজে যুক্ত হন। আবার কেউ কেউ প্রার্থী হিসেবেও ভোটের ময়দানে নামেন। ফলে উত্তরপত্র মূল্যায়ন এবং নম্বর জমা দেওয়ার কাজ সময়মতো শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
 
তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই আশ্বাস দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত তাঁর সেই বক্তব্যই সত্যি হতে চলেছে।
 
জানা গিয়েছে, যাঁরা ভোটের প্রার্থী হয়েছেন, তাঁরাও প্রচারে নামার আগে খাতা দেখার কাজ শেষ করে দিয়েছেন। ফলে মূল্যায়ন প্রক্রিয়ায় তেমন প্রভাব পড়েনি এবং সময়মতো ফল প্রকাশ সম্ভব হচ্ছে। এখন ৮ মে-র অপেক্ষায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবার।