‘বিকশিত ভারত’-এর স্বপ্নে তরুণ মেধার ভাবনা, আইআইটি খড়্গপুরের ৭৫ পড়ুয়ার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদি
খড়্গপুর
‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের ভাবনা ও স্বপ্নকে গুরুত্ব দিতে আইআইটি খড়্গপুরের ৭৫ জন মেধাবী পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ‘৭৫ ভয়েসেস ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে অংশ নেন তিনি। দেশের উন্নত রাষ্ট্র হয়ে ওঠার যাত্রাপথ নিয়ে নিজেদের মতামত ও ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে নির্বাচিত পড়ুয়ারা।
এদিন দেশের প্রথম আইআইটি খড়্গপুরে প্রথমবারের জন্য পা রাখেন প্রধানমন্ত্রী মোদি। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। পড়ুয়াদের সঙ্গে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা এবং তাঁদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদি আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তীর সঙ্গে প্রতিষ্ঠানের সিনেট হলে পড়ুয়াদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণার নমুনা ঘুরে দেখেন। সেখানে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপের ধারণা এবং প্রযুক্তিনির্ভর গবেষণার নানা মডেল প্রদর্শিত হয়।
প্রদর্শনীতে কৃষি, বস্ত্রশিল্প, রোবোটিক্স, মহাকাশ প্রকৌশল, ড্রোন প্রযুক্তি এবং চিকিৎসাক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবনের বিভিন্ন নমুনা তুলে ধরেন পড়ুয়ারা। তরুণ গবেষকদের এই উদ্ভাবনী প্রচেষ্টা ও নতুন প্রযুক্তির সম্ভাবনা প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পায়।
এদিন আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক রৌপ্যমুদ্রারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দেন তিনি। দেশের প্রথম আইআইটির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং তরুণ মেধাবীদের সঙ্গে তাঁর মতবিনিময় অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দেয়।