মাদ্রাসার ভোলবদল! শিক্ষকদের জন্য সুখবরের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 1 Months ago
মাদ্রাসার ভোলবদল! শিক্ষকদের জন্য সুখবরের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু
মাদ্রাসার ভোলবদল! শিক্ষকদের জন্য সুখবরের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু
 
তরুণ নন্দী / কলকাতা

রাজ্যে পালাবদল হতেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যেন এক নতুন যুগের সূচনা হতে চলেছে। কলকাতার মহাজাতি সদনে 'মাদ্রাসা ঐক্য মঞ্চ' (MAM) আয়োজিত এক বিশেষ সেমিনারে যোগ দেন আদিবাসী, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আন-এডেড মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের জন্য একগুচ্ছ ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রীর উন্নয়নের বার্তায় রাজ্যের ৬০১টি আন-এডেড মাদ্রাসার শিক্ষক ও কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
 
এদিনের সেমিনারে মন্ত্রী ক্ষুদিরাম টুডু স্পষ্ট জানান, মাদ্রাসায় শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে পড়ুয়াদের মেধা বিকাশে বিজ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার আসল হল একজন সচেতন নাগরিক তৈরি করা। ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি মাদ্রাসাতেও কার্যকর করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। শুধু তাই নয়, ইংরেজি মাধ্যম মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ঘাটতি মেটানোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
 
সেমিনারের একটি ছবি
 
আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের জন্য এদিন যেন সবথেকে বড় খবর ছিল তাঁদের আর্থিক উন্নতির প্রতিশ্রুতি। কর্মরত শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির জন্য মন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানাতেই শোরগোল পড়ে যায় উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে।  পড়ুয়াদের জন্য মিড-ডে মিল, পোশাক ও জুতোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস মেলে। এমনকি শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ইংরেজি মাধ্যম মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলেও সকলকে আশ্বস্ত করা হয়।
 
মন্ত্রী ক্ষুদিরাম টুডু উপস্থিত সকলের সামনে স্পষ্ট করে বলেন, নতুন সরকারের লক্ষ্য কোনো ভেদাভেদ নয়। 'সবকা সাথ সবকা বিকাশ'  মন্ত্রে মাদ্রাসা শিক্ষা দপ্তরের উন্নয়ন ঘটানোই এই সরকারের কাজ। যদিও সেমিনারে মাদ্রাসা বোর্ড বা সার্ভিস কমিশন নিয়ে ভিন্নমত উঠে এসেছিল, তবুও মন্ত্রী খারিজি বা আন-এডেড মাদ্রাসার অস্তিত্ব বজায় রেখেই সেগুলিকে আধুনিক গাইডলাইনের অধীনে আনার কথা বলতেই নতুন করে আশার আলো দেখছেন শিক্ষাকর্মীরা।
 

মাদ্রাসা ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি সেখ জাভেদ মিয়াদাদ মন্ত্রীর কথায় সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের অবহেলিত আন-এডেড মাদ্রাসাগুলি সরকারি সহায়তার আওতায় আসার আশায় শিক্ষকরা কতটা উচ্ছ্বসিত হয়েছেন তা তাদের মুখ দেখেই বোঝা গেছে। তাঁদের মতে, সরকারি এই সদিচ্ছা বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ পড়ুয়া মূলস্রোতের শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবে।
 
বলা ভালো, সরকারের এই ভূমিকায় মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন ঘটবে। মন্ত্রীর বার্তা পেয়ে উপস্থিত সকলেই বললেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মাদ্রাসাগুলিকে আধুনিক শিক্ষার পীঠস্থান হিসেবে গড়ে তোলাই এখন শুধু সময়ের অপেক্ষা।