ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
 
ইরান ঃ
 
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের ওপর ‘কঠোর আঘাত’ হানা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যে তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ইরান ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে পড়েই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভাষণে তিনি বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গত শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না আসে, তবে তেহরানও সেসব দেশের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালাবে না।

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হওয়া হামলার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের অন্য কোনো দেশের ভূখণ্ড দখল বা আক্রমণের উদ্দেশ্য নেই।
 
এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানও সম্ভাব্য হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের হুমকি দিয়েছে।

তার ভাষায়, এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরান এখন নতুন করে মার্কিন অঞ্চল, সামরিক বাহিনী ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবস্থান পর্যালোচনা করছে। যেসব মার্কিন স্থাপনা এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় নেই, সেগুলোও নতুন করে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যু’ ডেকে আনতে পারে এমন নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।