বাংলাদেশ/কুমিল্লা ঃ
বাংলাদেশের কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দির ও আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।
মন্দিরে বিস্ফোরণে পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। এছাড়া পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আরো তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তর্বৃরা শিব মন্দিরের পাশের বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হন। তাদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আ. বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি ।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
রাতে ঘটনাস্থলে এসে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মন্দির থেকে পাওয়া বিস্ফোরণের কিছু আলামত ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’