বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই ফের বিতর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। খুলনা শহরের রেলস্টেশনের দেওয়ালে নতুন করে আঁকা কবিগুরুর ছবিতে আবারও কালো কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
ঘটনাটি খুলনা শহরের যশোর রোডের রেলস্টেশনের সামনের দেওয়ালের। গত ৬ নভেম্বর প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পাশাপাশি রবীন্দ্রবিরোধী বক্তব্য লেখা পোস্টারও লাগানো হয়েছিল। সেই ঘটনার পর খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে ৭ নভেম্বর শিল্পী মো. রেজাউল করিম নতুন করে প্রতিকৃতিটি আঁকেন। কিন্তু সেই ঘটনার ১৬ দিন কাটতে না কাটতেই ফের একই কাণ্ড ঘটল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (২১ নভেম্বর) রাতে প্রতিকৃতিতে কালি লাগানো হয় বলে অনুমান। রবিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। আশ্চর্যের বিষয়, ওই একই দেওয়ালে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিও রয়েছে। কিন্তু সেগুলি অক্ষত থাকলেও বারবার শুধু রবীন্দ্রনাথের মুখই কালিতে ঢেকে দেওয়া হচ্ছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন জানিয়েছেন, সম্ভবত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক ও সংস্কৃতিপ্রেমীরা। তাঁদের মতে, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে বারবার এমন আঘাত অত্যন্ত উদ্বেগজনক।
এর আগে প্রতিকৃতি বিকৃতির ঘটনায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিন্দা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, একটি ছবি মুছে দিয়ে কোনও মানুষকে অস্বীকার করা যায় না। ফের প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, কেন বারবার একই ব্যক্তিত্বকে নিশানা করা হচ্ছে?
উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জামায়াতে ইসলামির প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।