মৃত্যুর পর হিন্দু মায়ের মুখাগ্নি করলেন দুই মুসলিম ছেলে, কাঁদছে গোটা দেশ! মায়ের শেষ ইচ্ছায় ধর্মের দেওয়াল ভাঙলেন রজ্জাক ও সুলেমান

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 1 h ago
মৃত্যুর পর হিন্দু মায়ের মুখাগ্নি করলেন দুই মুসলিম ছেলে, কাঁদছে গোটা দেশ! মায়ের শেষ ইচ্ছায় ধর্মের দেওয়াল ভাঙলেন রজ্জাক ও সুলেমান
মৃত্যুর পর হিন্দু মায়ের মুখাগ্নি করলেন দুই মুসলিম ছেলে, কাঁদছে গোটা দেশ! মায়ের শেষ ইচ্ছায় ধর্মের দেওয়াল ভাঙলেন রজ্জাক ও সুলেমান
 
তরুণ নন্দী / কলকাতা

ধর্ম আলাদা,পরিচয়ও আলাদা। নেই রক্তের সম্পর্কও। অথচ ভালোবাসার বন্ধনে তাঁরা একে অপরের এতটাই আপন যে মৃত্যুর পরেও মায়ের শেষ ইচ্ছাকে অসম্মান করতে পারেননি দুই সন্তান। হিন্দু মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন প্রতিবেশী দুই মুসলিম ছেলে। ধর্মের বিভাজন ভুলে শ্মশানে দাঁড়িয়ে মুখাগ্নি করে শেষ বিদায় জানালেন পাঁচ দশকের প্রিয় মানুষটিকে। কেরলের ওয়ানাড়ের এই ঘটনা দেখে চোখে জল নেটিজেনদের। সকলেই বলছেন, আসলে মানুষের পরিচয় ধর্মে নয়, পরিচয় তার মানবিকতায়।

সংবাদ সূত্রে খবর, ৮৫ বছর বয়সি কল্যাণী আম্মার নিজের কোনও সন্তান ছিল না। কিন্তু তাই বলে মাতৃত্বের ভালোবাসা থেকে কখনও বঞ্চিত হননি তিনি। প্রায় পাঁচ দশক আগে প্রতিবেশী দুই ভাই রজ্জাক ও সুলেমানকে আপন করে নিয়েছিলেন নিজের সন্তানের মতো। জানা গেছে, ছোটবেলা থেকেই মাতৃস্নেহে বড় হওয়া এই দুই ভাই তাঁকে মা বলেই ডাকতেন। সময়ের সঙ্গে বয়স বেড়েছে। বদলেছে প্রত্যেকের জীবনের পরিস্থিতি। 
 

কিন্তু বদলায়নি মা ও এই দুই ছেলের সম্পর্কের গভীরতা। বয়সের ভারে কল্যাণী আম্মা অসুস্থ হয়ে পড়তেই তাঁর পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন এই দুই ভাই। মায়ের ওষুধ কেনা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া, সব দায়িত্বই পালন করেছেন তাঁরা। জীবনের শেষ কয়েক মাস নিজেদের বাড়িতে রেখে মায়ের মতো করেই আগলে রেখেছিলেন তাঁকে। এই মানবিক দায়িত্বে পাশে ছিলেন রজ্জাকের স্ত্রী রুকিয়াও। কিন্তু ভালোবাসার এই সম্পর্কের সবচেয়ে আবেগপ্রবণ মুহুর্ত দেখা গেল কল্যাণী আম্মার মৃত্যুর পর।
 
তাঁর শেষ ইচ্ছা ছিল,  প্রিয় দুই ছেলেই যেন মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করেন। মায়ের সেই শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সমাজের সমস্ত ধর্মীয় বিভেদ ভুলে হিন্দু রীতিনীতি মেনে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করেন রজ্জাক ও সুলেমান। নিজের হাতে মুখাগ্নি করে চিরবিদায় জানান তাঁদের প্রিয় মাকে। ঘটনাটি সামনে আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। দুই ভাইয়ের মানবিকতার প্রশংসা করে তিনি বলেন, ভালোবাসা ও মানবিকতার ঊর্ধ্বে কোনও ধর্মীয় বিভেদ নেই।
 
আসলে রক্তের সম্পর্ক মানুষকে আপন করে একথা ঠিক। তবে ভালোবাসার সম্পর্কে তা গড়ে ওঠে আরও গভীর।  ধর্মের পরিচয় আলাদা হতে পারে কিন্তু মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কখনও আলাদা হয় না। যার প্রমাণ দিলেন, মুলসিম দুই ভাই। আজকের সময়ে দাঁড়িয়ে রজ্জাক ও সুলেমান শেখালেন, মানবিকতার কোনও ধর্ম হয় না। সম্পর্কের আসল পরিচয় রক্তে নয়, থাকে ভালোবাসায়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই যে জীবনের সবচেয়ে বড় ধর্ম হয়ে যায় ওয়ানাড়ের এই দুই ভাই তারই জীবন্ত উদাহরণ।


শেহতীয়া খবৰ