রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে ইতিবাচক হিসেবেই দেখছে নেদারল্যান্ডস, ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে বোঝাতে পারে দিল্লি: ডাচ বিদেশমন্ত্রী

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে ইতিবাচক হিসেবেই দেখছে নেদারল্যান্ডস, ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে বোঝাতে পারে দিল্লি: ডাচ বিদেশমন্ত্রী
রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে ইতিবাচক হিসেবেই দেখছে নেদারল্যান্ডস, ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে বোঝাতে পারে দিল্লি: ডাচ বিদেশমন্ত্রী

নয়াদিল্লি:

রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে নেদারল্যান্ডস। বরং এই সম্পর্ককে ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পদ বলে মনে করছে ইউরোপের এই দেশ। ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ককে কাজে লাগিয়ে মস্কোকে যুদ্ধ বন্ধ এবং সংঘর্ষবিরতিতে রাজি করানোর জন্য দিল্লি ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেন।

২২ থেকে ২৩ নভেম্বর সরকারি সফরে ভারতে এসেছেন ডাচ বিদেশমন্ত্রী। রবিবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রথম বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রসঙ্গে বেরেন্ডসেন বলেন, ভারতের নিজস্ব ইতিহাস, আন্তর্জাতিক ভূমিকা এবং বিভিন্ন দেশের সঙ্গে নিজস্ব সম্পর্ক রয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে নেদারল্যান্ডস দুই দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে 'অতিরিক্ত ইতিবাচক দিক' হিসেবেই দেখছে। তাঁর মতে, দিল্লি মস্কোকে বোঝাতে পারে যে এই যুদ্ধের অবসান ঘটিয়ে সংঘর্ষবিরতিতে সম্মত হওয়া প্রয়োজন।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যকেও প্রভাবিত করছে। বিশেষ করে কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে শস্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য ব্যবস্থা গড়ে তুলতে ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন ডাচ বিদেশমন্ত্রী। তাঁর মতে, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা বজায় রাখতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা, জল ব্যবস্থাপনা, কৃষি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়েও আলোচনা হয়েছে। বেরেন্ডসেন বলেন, গুরুত্বপূর্ণ কাঁচামাল, প্রযুক্তি ও জ্বালানির ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরতা কমিয়ে কৌশলগত স্বনির্ভরতা বাড়ানো ভারত, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যে নতুন আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে প্রস্তাবিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তাঁর আশা, আগামী ডিসেম্বর মাসে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা থাকা এই চুক্তি পণ্য বাণিজ্যের বাইরেও দুই পক্ষের মধ্যে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

পাশাপাশি, ভারতীয় সংস্থা টাটা ইলেকট্রনিক্স এবং নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টর সংস্থা এএসএমএল-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রকে স্বাগত জানিয়েছেন বেরেন্ডসেন। গুজরাটের ধোলেরায় ভারতের প্রথম বাণিজ্যিক ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা গড়ে তোলার ক্ষেত্রে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর কথায়, সমঝোতাপত্রে স্বাক্ষর করাই শেষ কথা নয়, বরং এটি দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সূচনা।

অন্যদিকে, জয়শঙ্কর বলেন, ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার পর সেমিকন্ডাক্টর, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাতেও দুই দেশকে একযোগে কাজ করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরে জয়শঙ্করের সঙ্গে এটি ছিল বেরেন্ডসেনের ষষ্ঠ বৈঠক। সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্সমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। এরপরই ভারত সফর শেষ করে দেশে ফেরার কথা ডাচ বিদেশমন্ত্রীর।



শেহতীয়া খবৰ