বাংলাদেশে রাজনৈতিক হিংসার আবহ, নড়াইলে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! হিন্দু পরিবার আক্রান্ত হওয়ার দাবি নস্যাৎ পুলিশের
ঢাকা:
রাজনৈতিক উত্তেজনা ও হিংসার আবহে ফের অশান্ত বাংলাদেশের একাধিক এলাকা। নড়াইল জেলার কালিয়া উপজেলায় একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে দাবি করা হয়, আক্রান্ত বাড়িগুলির মধ্যে বহু হিন্দু পরিবারের বাড়িও রয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ঘটনাস্থলে কোনও হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
গত ২০ নভেম্বর শুক্রবার কালিয়ার বেন্দারচর এলাকায় একদল উত্তেজিত মানুষ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এর আগে ১৮ নভেম্বর একটি বিএনপি মিছিলে হামলার ঘটনায় দলের দুই নেতা শাহিন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন। ওই হত্যাকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরবর্তী সময়ে নিহতদের স্বজন ও অন্যদের একটি অংশ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজনের বাড়িতে হামলা চালায় বলে পুলিশের দাবি।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের বক্তব্য অনুযায়ী, বেন্দারচর এলাকায় হিন্দুদের বসতি নেই। সেখানে হিন্দু পরিবার বা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও পুরনো অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে দাবি পুলিশের।
অন্যদিকে, এক প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ৩০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে। একাধিক বাড়িতে একাধিক স্থাপনা থাকায় ক্ষতিগ্রস্ত কাঠামোর সংখ্যা আরও বেশি হতে পারে। কয়েকটি দোকানেও আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত বাড়িগুলির মধ্যে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ বিএম কবিরুল হক মুক্তি এবং কালিয়ার প্রাক্তন পৌর মেয়র মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বাংলাদেশের সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও বোমা হামলার অভিযোগ অবশ্য সিলেট পুলিশ অস্বীকার করেছে।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়ছে। নড়াইলের ঘটনা ঘিরে হিন্দু পরিবার আক্রান্ত হওয়ার দাবি এবং পুলিশের পাল্টা বক্তব্য—দুইয়ের মধ্যে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করতে নিরপেক্ষ তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।