ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা জল বণ্টন চুক্তির মেয়াদ, আলোচনার আবহে ঢাকায় ভারতের প্রতিনিধি দল

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা জল বণ্টন চুক্তির মেয়াদ, আলোচনার আবহে ঢাকায় ভারতের প্রতিনিধি দল
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা জল বণ্টন চুক্তির মেয়াদ, আলোচনার আবহে ঢাকায় ভারতের প্রতিনিধি দল
 
ঢাকা:
 
গঙ্গার জল বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি দেরি নেই। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশের ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে দুই দেশের মধ্যে নদীর জলবণ্টন সংক্রান্ত আলোচনা ও সমন্বয়ের গুরুত্ব আরও বেড়েছে। এই আবহে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম বৈঠকে যোগ দিতে ঢাকায় পৌঁছেছে ভারতের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ভারতের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের কমিশনার শরদ চন্দ্রের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রক এবং জলসম্পদ সংক্রান্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বৈঠক চলার কথা। প্রতিনিধি দলটির ২৩ নভেম্বর ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার জল বণ্টন চুক্তির বাস্তবায়ন এবং নদীর জলপ্রবাহ ও বণ্টন পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে চুক্তির মেয়াদ বৃদ্ধি, নবায়ন কিংবা নতুন কোনও চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবারের নির্ধারিত আলোচ্যসূচিতে নেই বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। প্রতিনিধি দলটিরও এ ধরনের চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা নেই।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার জল বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফারাক্কা ব্যারাজে গঙ্গার জলপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে জল বণ্টনের কাঠামো নির্ধারণ করা হয় এই চুক্তিতে। দীর্ঘদিন ধরে দুই দেশের জলসম্পদ ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে। গত ১৭ নভেম্বর ভারতের জলসম্পদমন্ত্রী সি আর পাটিলকে চিঠি দিয়েছেন বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে শুধু পুরনো চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং আরও কার্যকর ও বিস্তৃত জল বণ্টন ব্যবস্থার দাবি জানানো হচ্ছে। বিশেষ করে শুষ্ক মরসুমে গঙ্গার জলপ্রবাহ কমে গেলে বাংলাদেশের জন্য ন্যূনতম জলের পরিমাণ নিশ্চিত করার বিষয়টি নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছে ঢাকা। কারণ গঙ্গার জলের সঙ্গে বাংলাদেশের কৃষি, মৎস্যসম্পদ, নদীর নাব্যতা এবং পরিবেশের বিষয়গুলি সরাসরি জড়িত।

অন্যদিকে, চুক্তি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বিহারের মতো রাজ্যগুলির জলের চাহিদা এবং আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে ভবিষ্যতে কোনও নতুন সমঝোতা বা চুক্তির ক্ষেত্রে দুই দেশের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলির মতামতও বিবেচনায় নেওয়ার প্রয়োজন হতে পারে।

ঢাকায় ভারতের প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা এবং জলসম্পদ সংক্রান্ত কারিগরি সমন্বয়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে ১২ ডিসেম্বরের আগে চুক্তির ভবিষ্যৎ নিয়ে কোনও আনুষ্ঠানিক সমঝোতা হয় কি না, এখন সেদিকেই নজর দুই দেশের। 


শেহতীয়া খবৰ