২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর ঘটনায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানের পিছনে জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে বিচার ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হল।
গাম্বিয়ার দায়ের করা এই মামলার বিচারিক প্রক্রিয়া চলেছে প্রায় সাত বছর। ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন, যৌন হিংসা এবং নিপীড়নের ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক আইনের আওতায় বিচার চাওয়া হয়েছিল।
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনান। নয়জন বিচারপতি রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে মত দেন। আদালতের পর্যবেক্ষণ, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। ব্যাপক যৌন হিংসা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথে হামলার ঘটনাও ঘটে।
বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন সাত লক্ষের বেশি রোহিঙ্গা
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন। পরবর্তী কয়েক মাসে সাত লক্ষেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নেন। তাঁদের অভিযোগ, ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, যৌন হিংসা ও নির্যাতনের ঘটনা ঘটেছিল।
আদালত জানিয়েছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদের অধীনে মিয়ানমার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রেও দেশটির ব্যর্থতা রয়েছে। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে বেসামরিক নাগরিকদের সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়েছে আদালত।
মিয়ানমারকে তদন্ত, বিচার ও ক্ষতিপূরণের নির্দেশ
রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব পালন এবং চলমান লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্ত চালানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থাও করতে বলা হয়েছে।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। মিয়ানমারের কর্মকাণ্ডে বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের ভিতরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, তাঁদের নিজ বাসস্থানে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলির পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে।
ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি মামলার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, রায় ঘোষণার দিন থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
রায় বাস্তবায়ন নিয়ে সংশয়
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্বভাবে তা কার্যকর করার ক্ষমতা নেই। কোনও দেশ রায় কার্যকর না করলে বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
তবে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া কতটা সম্ভব, তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় রয়েছে। দীর্ঘদিন ধরে চিন ও রাশিয়া মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, রায়টির প্রভাব বাংলাদেশের জন্যও ইতিবাচক হতে পারে এবং রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্যদিকে, মিয়ানমারে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ সুফিউর রহমান এই রায়কে রোহিঙ্গাদের নৈতিক বিজয় বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এই রায় প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি করবে।
সব মিলিয়ে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঐতিহাসিক। তবে আইনি স্বীকৃতির পাশাপাশি বাস্তবে নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং অপরাধীদের বিচারের প্রক্রিয়া কতটা এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।