বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ফাইল ছবি)
নয়া দিল্লি ঃ
ভারতের পার্লামেন্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এ শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণের কথা রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া অধিবেশনেই উভয় কক্ষে এই প্রস্তাব আনা হবে। সংবাদসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়া তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে দুটি মেয়াদ ছিল পূর্ণকালীন এবং একটি ছিল স্বল্পমেয়াদি।
বাজেট অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী শোক প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। রাজ্যসভায় সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের কথা রয়েছে। একইসঙ্গে লোকসভায় সাবেক এমপি শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কলমাদি এবং কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে শোক প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। এই তালিকার সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম যুক্ত হচ্ছে।
এদিকে রাজ্যসভায় পার্লামেন্টের মহাসচিব ২৬৯তম রাজ্যসভা অধিবেশনে উভয় কক্ষে পাস হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিভিন্ন বিলের একটি বিবরণী উপস্থাপন করতে পারেন বলে কার্যতালিকায় উল্লেখ রয়েছে।
ভারতের বাজেট অধিবেশনের প্রথম পর্বে মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটসংক্রান্ত আর্থিক কার্যক্রম এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রয়োজনীয় আইন প্রণয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।