সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
পূর্বাচল প্রকল্পে দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা
পূর্বাচল প্রকল্পে দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা
 
ঢাকাঃ
 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে ‘প্লট দুর্নীতির’ অভিযোগে করা আরও দুটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

এর মধ্যে শেখ হাসিনাকে দুইটি মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড। রূপন্তীর বোন ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড হয়েছে।

সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

ওই মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১০ কাঠা করে প্লট তাঁদের নামে বরাদ্দ দেন।
এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও আগে দেওয়া আরেকটি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ৭ বছর ও তার মেয়ে টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।