মোহন ভাগবতের নিউইয়র্ক সভা ঘিরে বিতর্ক, অনুষ্ঠান নিয়ে আপত্তি মেয়র জোহরান মামদানির

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
মোহন ভাগবত ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি
মোহন ভাগবত ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি
 
নিউইয়র্ক:

 আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি সভা হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সভার বিরোধিতায় সরব হয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাগবতের অনুষ্ঠান নিয়ে প্রশ্নের মুখে মামদানি স্পষ্ট জানান, তিনি এই সমাবেশকে সমর্থন করেন না। তবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা মেয়রের হাতে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

মামদানি বলেন, “আমি এই সমাবেশকে কোনওভাবেই সমর্থন করি না।” একই সঙ্গে তিনি জানান, নিউইয়র্ক শহরের মেয়র হিসেবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার আইনগত ক্ষমতা তাঁর রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ভাগবতের সভাকে ঘিরে নিউইয়র্কে বিভিন্ন মহলে বিরোধিতা তৈরি হওয়ার মধ্যেই মেয়রের এই মন্তব্য সামনে এল। অনুষ্ঠানটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে।

সাক্ষাৎকারে ভারত নিয়েও নিজের অবস্থানের কথা জানান মামদানি। তিনি বলেন, তিনি নিউইয়র্ক শহরের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র এবং তাঁর মায়ের পরিবারের সদস্যরা এখনও ভারতে বসবাস করেন।

ভারত সম্পর্কে তাঁর পারিবারিক ধারণার কথা তুলে ধরে মামদানি বলেন, তাঁর পরিবার থেকে পাওয়া ভারতের যে ছবি এবং যে ধারণা নিয়ে তিনি বড় হয়েছেন, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করেন।

মোহন ভাগবতের প্রস্তাবিত সভা ঘিরে বিতর্কের মধ্যেই মামদানির এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ২৯ আগস্ট নির্ধারিত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কীভাবে অনুষ্ঠিত হয়, এবং শহর প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।