মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা:

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর এই মন্তব্যের পর মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ইতিমধ্যেই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাঁর দাবি, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে আরও গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ঢাকাকে আমন্ত্রণ জানাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে ইসলামি দেশগুলোর মধ্যে কোনও নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়। বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবিরের কথায়, “আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি।” তিনি আরও বলেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে মুসলিম বিশ্বের অংশীদার দেশগুলি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে।

কী এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি?

গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। মক্কার আল-সাফা প্রাসাদে আয়োজিত বৈঠকে চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চুক্তির মূল লক্ষ্য তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের প্রসঙ্গটি এমন সময়ে সামনে এল, যখন মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতার পরিধি নিয়ে নতুন করে আলোচনা চলছে।

হুমায়ুন কবির সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ শেষ পর্যন্ত এই প্রতিরক্ষা কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, পশ্চিম এশিয়ার নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।