প্রতিবেশী ভারতের পাশে থাকার বার্তা, মানবিক সহযোগিতায় জোর বাংলাদেশের নতুন সরকারের
গুয়াহাটি:
প্রতিবেশী দেশের প্রতি মানবিক সহমর্মিতার নজির গড়ে অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াল গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন। জোরহাট, শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাকবলিত পরিবারগুলির জন্য জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে, যা ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
সম্প্রতি অসমে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন এবং অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি, গবাদি পশু ও জীবিকার উৎস হারিয়েছে। এই কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ।
বাংলাদেশের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ গুয়াহাটিতে প্রতিদিন টাইম-এর জেনারেল ম্যানেজার মৃন্ময় দাস-এর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। ত্রাণের প্যাকেজে রয়েছে পুরুষদের টি-শার্ট, মহিলাদের পোশাক, ওআরএস, ফিনাইল, ব্লিচিং পাউডার, স্নানের সাবান, বিস্কুট এবং মশা প্রতিরোধক কয়েল। বন্যাকবলিত পরিবারগুলির স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সহকারী হাইকমিশন এক বিবৃতিতে বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার কামনা করেছে।
এদিকে, বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকেও প্রতিবেশী দেশগুলির সঙ্গে মানবিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের এই উদ্যোগকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং আঞ্চলিক সহযোগিতার ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক মহলের মতে, রাজনৈতিক পরিবর্তনের পরও ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে মানবিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ইঙ্গিত বহন করছে এই উদ্যোগ।