ঢাকা ঃ
পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে ফিরলো বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে যাত্রা করে।
নতুন এই রুট চালু উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।
বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা শুরু করে করাচিতে পৌঁছানোর কথা রয়েছে স্থানীয় সময় রাত ১১টায়। একই ফ্লাইটের ফিরতি যাত্রা বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে। প্রথম এই ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী যাত্রা করেন।
এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই যোগাযোগ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষাগত যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে এবং একই দিনে করাচি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।