প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয়, নতুন ইতিহাস গড়লেন বাবর আলী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
বাংলাদেশঃ
 
বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন পর্বতারোহী বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয় করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি শৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শৃঙ্গে পৌঁছান বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম পর্বতটি ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত। এর আগে কোনো বাংলাদেশি পর্বতারোহী এই শৃঙ্গে আরোহণ করতে পারেননি, ফলে এটি দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মাকালু জয়ের লক্ষ্যে গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন বাবর আলী। দুই দিন পর তিনি নেপালের টুমলিংটারে পৌঁছে সড়কপথে সেদুয়া গ্রামে যান। সেখান থেকে দীর্ঘ ট্রেকিং শেষে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতার সঙ্গে শরীর খাপ খাওয়ানোর জন্য তিনি ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২-এ অবস্থান করেন এবং প্রায় ৭ হাজার মিটার পর্যন্ত উঠে আবার বেসক্যাম্পে ফিরে আসেন। পরে দ্বিতীয় দফায় আবারও ক্যাম্প-২ পর্যন্ত উঠে প্রস্তুতি সম্পন্ন করেন।

আবহাওয়া অনুকূলে আসার পর ৩০ এপ্রিল চূড়ান্ত অভিযানে নামেন বাবর। সেদিনই তিনি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ পৌঁছান এবং পরদিন ওঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে রাতেই শুরু হয় চূড়ান্ত আরোহন। প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ অত্যন্ত বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে শেষ পর্যন্ত ভোরে তিনি মাকালুর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবলাম শৃঙ্গ জয় করেন। ২০২৪ সালে এক অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। একই বছর তিনি অন্নপূর্ণা-১ শৃঙ্গ আরোহণ করেন এবং সেপ্টেম্বরে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে আলোচনায় আসেন।

মাকালু অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি। এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়েছে। ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।