আফগানিস্তানঃ
ভয়াবহ তুষারপাত ও টানা ভারি বৃষ্টিতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিনে দেশটিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ)।
শনিবার এএনডিএমএর পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে এসব প্রাণহানি ঘটে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১১০ জন। দুর্যোগে ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৬০টি পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এএনডিএমএ জানায়, প্রবল তুষারপাত ও বৃষ্টির কারণে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে।
এএনডিএমএর এক মুখপাত্র ভিডিও বার্তায় জনগণকে সতর্ক করে বলেন, অপ্রয়োজনে তুষারে ঢাকা সড়কে চলাচল না করতে। তিনি জানান, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পারওয়ান প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক সালাং পাস তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কটি উত্তর ও দক্ষিণ আফগানিস্তানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম।
এদিকে বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি দুর্গম পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। তবে অনেক প্রত্যন্ত এলাকায় এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শীতকালীন দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে এএনডিএমএ।