মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় চাপে বেসরকারি বাস, সরকারের কাছে ‘উদ্ধার পরিকল্পনা’ চাইলেন মালিকরা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 কলকাতা:

পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা বহু মানুষের কাছে স্বস্তির খবর হলেও, এর প্রভাব পড়েছে বেসরকারি বাস পরিষেবার ওপর। যাত্রী কমে যাওয়া এবং ডিজেলের বাড়তি দামের জেরে প্রতিদিন লোকসানের মুখে পড়ছেন বেসরকারি বাস মালিকরা বলে দাবি করেছেন তাঁরা।

যৌথ বাস সিন্ডিকেট কাউন্সিলের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হওয়ার পর প্রতিটি বেসরকারি বাস মালিকের দৈনিক প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় কমছে।

তাঁর কথায়, পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থার প্রায় ৮৫ শতাংশ যাত্রী বেসরকারি বাসে যাতায়াত করেন। কিন্তু যেখানে সরকারি বাসের সংখ্যা বেশি, সেখানে মহিলা যাত্রীরা স্বাভাবিকভাবেই বিনামূল্যের সুবিধা নিচ্ছেন, ফলে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা কমছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আগে কোনও মা যদি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ফের নিয়ে আসতেন, তাহলে চারটি টিকিট বিক্রি হতো। এখন সেই আয় হারাতে হচ্ছে বেসরকারি বাসগুলিকে।

এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের দাবি, সরকার যেন 'কিলোমিটার স্কিম' চালু করে। এই ব্যবস্থায় বেসরকারি বাস সরকারিভাবে পরিবহণ দফতরের বহরে যুক্ত হবে। বাসের মালিকরা বাস, চালক ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন, আর সরকার নির্দিষ্ট হারে প্রতি কিলোমিটার অনুযায়ী অর্থ প্রদান করবে।

অল বেঙ্গল বাস মিনিবাস কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন,"সরকার যদি কিলোমিটার স্কিমের আওতায় বেসরকারি বাসগুলিকে নিয়ে আসে, তাহলে যাত্রী ও বাস মালিক—উভয়েরই সুবিধা হবে। আমাদের আর লোকসানের চিন্তা করতে হবে না।"

তবে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও বিরোধিতা করেননি বাস মালিকরা। তাঁদের বক্তব্য, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।

সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC),সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)-এর বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা চালু করেছে।

বাস মালিকদের আরও অভিযোগ,২০১৮ সালের পর থেকে সরকারিভাবে বাসভাড়া বাড়ানো হয়নি, অথচ ডিজেলের দাম বেড়েছে একাধিকবার। তাঁদের দাবি, শুধু গত মে মাসেই ডিজেলের দাম প্রায় ১০ টাকা প্রতি লিটার বেড়েছে, কিন্তু ভাড়া অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, সব রুটে একই ছবি নয়। হাওড়ার ৭৩ নম্বর রুটের এক কন্ডাক্টর মহম্মদ জুবাইর জানান, ওই রুটে সরকারি বাসের প্রতিযোগিতা না থাকায় যাত্রী কমেনি। তবে কলকাতার উত্তর-দক্ষিণমুখী একাধিক রুটে কর্মরত কন্ডাক্টরদের দাবি, মহিলাদের বিনামূল্যে যাত্রা চালু হওয়ার পর যাত্রী সংখ্যা কিছুটা কমেছে।

ফলে একদিকে মহিলাদের যাতায়াতে আর্থিক স্বস্তি, অন্যদিকে বেসরকারি বাস শিল্পের টিকে থাকার লড়াই—এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই এখন রাজ্যের পরিবহণ ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।



শেহতীয়া খবৰ