পরিবারের গণ্ডি পেরিয়ে সমাজ গঠনে মুসলিম নারীরাও! নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বাড়াতে অভিনব উদ্যোগ জামাআতে ইসলামী হিন্দের
Story by Tarun Nandi | Posted by Aparna Das • 9 h ago
পরিবারের গণ্ডি পেরিয়ে সমাজ গঠনে মুসলিম নারীরাও! নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বাড়াতে অভিনব উদ্যোগ জামাআতে ইসলামী হিন্দের
তরুণ নন্দী / কলকাতা
পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে যেমন পারে তেমনি সমাজের ইতিবাচক পরিবর্তনেও মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, সচেতনতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ একজন মহিলা গোটা সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। অথচ পর্যাপ্ত সুযোগের অভাবে বহু মহিলা নিজেদের নেতৃত্বের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করার সুযোগ পান না। সেই জায়গা থেকেই মুসলিম মহিলাদের ব্যক্তিত্বের বিকাশ সহ সাংগঠনিক নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির এক সময়োপযোগী উদ্যোগ নিল জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলা শাখা।
দেগঙ্গা থানার অন্তর্গত রামনগরের কলবাড়ি মসজিদে আয়োজিত হয় মহিলা দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০ জন মহিলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই কর্মশালায় মহিলাদের ব্যক্তিত্ব গঠন, ধর্মীয় জ্ঞানচর্চা, নেতৃত্বের যোগ্যতা অর্জন, সাংগঠনিক দায়িত্ব পালনের কৌশল সহ সাংগঠনিক কাজের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ফিরোজা বেগম। উদ্বোধনী আলোচনায় জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সূরা আত-তাহরিমের ১০ থেকে ১২ নম্বর আয়াতের আলোকে বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন বক্তা একজন আদর্শ সংগঠক হওয়ার প্রয়োজনীয় গুণাবলি, দায়িত্বশীলতার মানসিকতার বাস্তব দিকগুলি তুলে ধরেন।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ‘সাপ্তাহিক ইজতেমা কর্মীদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্র’ শীর্ষক সিম্পোজিয়াম। এখানে বিভিন্ন এলাকার মহিলা প্রতিনিধিরা তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা ও মতামত। পাশাপাশি সংগঠনের বুনিয়াদি কাজের তৎপরতার সঙ্গে সঙ্গে সংসার ও সংগঠনের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে গুরুত্ব পায় ‘দায়িত্ব বোঝা নয়, বরং আমানত’ শীর্ষক সিম্পোজিয়াম। এর মাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনেও হাদিসের আলোকে দায়িত্বশীলতার ব্যাখ্যা তুলে ধরা হয়। একই সঙ্গে জেলা নেতৃত্বের সঙ্গে প্রতিনিধিদের সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রামনগরের কলবাড়ি মসজিদে আয়োজিত মহিলা দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
বর্তমান সময়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিবার পরিচালনা থেকে শুরু করে শিক্ষা, সামাজিক সচেতনতা কিম্বা সাংগঠনিক কর্মকাণ্ড, প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের সুনির্দিষ্ট দক্ষতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে মুসলিম সমাজে মহিলাদের শিক্ষা, সামাজিক সচেতনতা সহ গঠনমূলক সামাজিক অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করা অত্যন্ত জরুরি।
অনেক সময় দেখা যায়, পারিবারিক দায়িত্বের চাপে মহিলারা নিজেদের প্রতিভা বা দক্ষতা বিকাশের সুযোগ পান না। আবার অনেকে নেতৃত্ব দিতে সক্ষম হলেও উপযুক্ত মঞ্চের অভাবে বিকোশিত হওয়ার বদলে পিছিয়ে থাকেন। এই পরিস্থিতিতে এমন কর্মশালা মহিলাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে একজন মহিলা নিজের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে শেখেন।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়িয়ে তিনি সমাজে নজর কাড়তে পারেন। সামাজিক দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠতে পারেন। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে নিজেদের আরও যোগ্য করে তোলার সুযোগ পান।
রামনগরের কলবাড়ি মসজিদে আয়োজিত মহিলা দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারী নেতৃত্বের বিকাশ মানে পরিবারের গুরুত্ব কমিয়ে দেওয়া নয়। বরং সমাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর সমন্বয় তৈরি করে মহিলাদের সক্ষমতা ও অবদানকে আরও অর্থবহ করে তোলা। একজন সচেতন ও শিক্ষিত মা যেমন আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে দিতে পারেন, তেমনই একজন দক্ষ মহিলা সংগঠক সমাজের অসংখ্য মানুষের মধ্যে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে পারেন।
আয়োজকদের মতে, এই কর্মশালার লক্ষ্য মহিলা দায়িত্বশীলদের মধ্যে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, নেতৃত্বের যোগ্যতা তৈরি করা। বিশেষ করে সাপ্তাহিক ইজতেমাকে আত্মগঠন ও ব্যক্তিত্ব বিকাশের কার্যকর ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলাদের অংশগ্রহণ ও তাঁদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। তাঁদের মতামত ও সম্ভাবনার কথা শুনে সাংগঠনিক কাজকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।