বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

Story by  atv | Posted by  Aparna Das • 2 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
কলকাতা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
আবহাওয়া দফতরের জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
 
বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
 
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও উপ-পার্বত্য এলাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী ১ আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার দমকা হাওয়ার গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। তাই সমুদ্র খুবই উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের ২৯ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সর্বাধিক ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। এছাড়া কাঁথিতে ৩৪ মিলিমিটার, হলদিয়ায় ২৯ মিলিমিটার এবং ক্যানিংয়ে ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 
এদিকে, কলকাতার আকাশ মঙ্গলবার পর্যন্ত সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরে এক বা দু'দফা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করেছে আইএমডি।