বিরাটের ঝলক, দাপুটে জয়ে IPL শুরু বেঙ্গালুরুর

Story by  atv | Posted by  Aparna Das • 15 h ago
বিরাটের ঝলক, দাপুটে জয়ে IPL শুরু বেঙ্গালুরুর
বিরাটের ঝলক, দাপুটে জয়ে IPL শুরু বেঙ্গালুরুর
 
নয়া দিল্লি 

নতুন মরসুমে পুরনো ছন্দেই শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। শনিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের অভিযানে জোরালো সূচনা করল তারা। আর এই জয়ের নায়ক আবারও বিরাট কোহলি।
 
টসে জিতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। শুরুতেই সেই সিদ্ধান্ত কাজে দেয়। হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের আগ্রাসী মুখ ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডি দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে দল। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে তারা।
 
এই কঠিন সময়ে হাল ধরেন অধিনায়ক ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেন। তাঁদের গুরুত্বপূর্ণ ৯৭ রানের জুটি দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে। ক্লাসেন ৩১ রানে আউট হলেও ঈশান ছিলেন অপ্রতিরোধ্য। ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে তিনি একাই ম্যাচের রাশ ধরেন। শেষদিকে অনিকেত বর্মার ১৮ বলে ৪৩ রানের মারমুখী ব্যাটিংয়ে ভর করে ২০২ রানের লড়াইযোগ্য স্কোর তোলে হায়দরাবাদ।
 
বেঙ্গালুরুর হয়ে জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন, যদিও রোমারিও শেফার্ড কিছুটা খরুচে প্রমাণিত হন। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টকে হারায় বেঙ্গালুরু। কিন্তু এরপর বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁদের ১০১ রানের জুটি দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। পড়িক্কল ২৬ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন।
 
তবে আসল আকর্ষণ ছিলেন বিরাট কোহলি। ৩৮ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি। অধিনায়ক রজত পাতিদারের ১২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস ম্যাচের গতি আরও বাড়িয়ে দেয়।
 
মাঝে দু’টি দ্রুত উইকেট পড়লেও কোনও চাপই অনুভব করেনি বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ২৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা।