AFC U20 মহিলা এশিয়ান কাপে ভারতের অভিযান শুরু ২ এপ্রিল, থাইল্যান্ডে পৌঁছল ‘ইয়ং টাইগ্রেস’ দল
ব্যাংকক / থাইল্যান্ড
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF )-এর মতে, ২৪ জন খেলোয়াড় নিয়ে গঠিত ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল শুক্রবার সকালে থাইল্যান্ডে পৌঁছেছে এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ খেলতে। ‘ইয়ং টাইগ্রেস’ নামে পরিচিত এই দলটি ২০ বছর পর এই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। ব্যাংককের স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের হাতে রয়েছে ১৩ দিন। এরপর ২ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (ভারতীয় সময়) গ্রুপ ‘সি’-তে তাদের প্রথম ম্যাচ জাপানের বিরুদ্ধে।
এরপর ভারত ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং ৮ এপ্রিল একই সময়ে খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। AFC U20 Women's Asian Cup Thailand 2026-এর সরাসরি সম্প্রচার দেখা যাবে FanCode-এ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তিনটি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে জয়ী চারটি দল যোগ্যতা অর্জন করবে FIFA U20 Women's World Cup Poland 2026-এর জন্য।
সুইডিশ প্রধান কোচ জোয়াকিম অ্যালেকজান্ডারসনের (Joakim Alexandersson) তত্ত্বাবধানে, ইন্ডিয়ান উইমেনস লিগ (IWL)-এর প্রথম পর্ব শেষ হওয়ার পর জানুয়ারিতে বেঙ্গালুরুতে এই দলের বর্তমান প্রশিক্ষণ শিবির শুরু হয়। পরে তারা সুইডেনে এক মাসের ক্যাম্প করে, যেখানে সুইডিশ ক্লাবগুলির সিনিয়র দলের বিরুদ্ধে পাঁচটি প্রীতি ম্যাচ খেলে।
স্ক্যান্ডিনেভিয়া থেকে ফিরে ‘ইয়ং টাইগ্রেস’ কলকাতায় অনুশীলন চালিয়ে যায় এবং সেখান থেকেই শুক্রবার ভোরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রতিযোগিতা শুরুর ঠিক আগে কোচ অ্যালেকজ্যান্ডারসন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন।
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এ ভারতের সূচি:
* ২ এপ্রিল: জাপান বনাম ভারত (থাম্মাসাট স্টেডিয়াম, পাথুম থানি)
* ৫ এপ্রিল: ভারত বনাম অস্ট্রেলিয়া (পাথুম থানি স্টেডিয়াম)
* ৮ এপ্রিল: চাইনিজ তাইপে বনাম ভারত (পাথুম থানি স্টেডিয়াম)