বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে চোরের হানা! উধাও কেনদের বুট-বল, তোলপাড় আমেরিকায়
কানসাস সিটি, মিসৌরি (যুক্তরাষ্ট্র)
বিশ্বকাপের ময়দানে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছনো টমাস টুখেলের দলকে এখন মাঠের প্রতিপক্ষের আগে লড়তে হচ্ছে এক অপ্রত্যাশিত সমস্যার সঙ্গে। কানসাস সিটিতে পৌঁছনোর আগেই চুরি হয়ে গেল ইংল্যান্ড দলের একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ফুটবলারদের বুট, অনুশীলনের বল এবং অন্যান্য সামগ্রী।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংল্যান্ড শিবিরে। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই দু'জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে চুরি যাওয়া সামগ্রী এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে ফ্লোরিডায় চলছিল জোরকদমে প্রস্তুতি শিবির। খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে দেড় দিনের ছুটিও দিয়েছিলেন কোচ টমাস টুখেল। এরপর দলটি মিসৌরির সোপ সকার ভিলেজে পৌঁছয়। প্রাথমিক অনুমান, এই যাত্রাপথের মধ্যেই চুরির ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শুধু ফুটবলারদের বুটই নয়, অনুশীলনের জন্য ব্যবহৃত বল এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামও উধাও হয়েছে। শনিবার দুপুর থেকেই সোপ সকার ভিলেজে হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ইংল্যান্ড শিবির।
কীভাবে কড়া নিরাপত্তা বলয় ভেদ করে এত বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলতে রাজি নয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ইংল্যান্ডের। প্রতিবারই সমর্থকদের মুখে শোনা যায় ‘ইটস কামিং হোম’-এর স্লোগান, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন অধরাই থেকে যায়। সাম্প্রতিক দুই ইউরো কাপেও ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের।
এবার বিশ্বকাপে প্রথম ম্যাচ ডালাসের টেক্সাস স্টেডিয়ামে। সেখানে তীব্র গরমের কারণে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও শোনা যাচ্ছে। ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের বদলি ফুটবলাররা রিজার্ভ বেঞ্চে না থেকে ড্রেসিংরুমে অবস্থান করবেন। প্রয়োজন হলে সেখান থেকে মাঠের ধারে আসবেন। তবে সাপোর্ট স্টাফদের বেঞ্চেই থাকার কথা।
বিশ্বকাপ শুরুর আগে এই চুরির ঘটনা ইংল্যান্ডের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।