শান্তি প্রিয় রায়চৌধুরী:
আইপিএলের ইতিহাসে গত আসরে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বিরাট কোহলির আরসিবি। আর আইপিএলের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি সম্ভবত এবার মালিকানা পরিবর্তন হতে পারে। নতুন মালিকানা মানেই দলে আসবে একটা বড় পরিবর্তন। তাই অনেকের প্রশ্ন, নতুন মালিকানার অধীনে বিরাট কোহলি কি খেলবেন? সেটা সময়ই বলবে।
চলতি বছরের শুরুতে রাজত পাতিদারের নেতৃত্বে আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ১৮তম শিরোপা জিতে ছিল। তবে শিরোপা উদযাপন করতে গিয়ে ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান অন্তত ১১ জন সমর্থক আর আহত হয়েছিলেন পঞ্চাশেরও বেশি সমর্থক। আর ওই ঘটনার পর থেকেই দলের মালিকানা বিক্রির কথা চলছে।
আরসিবির বর্তমান মালিক ‘ইউনাইটেড স্পিরিটস’, যেটি মূলত ডিয়াজিও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজটি কিনতে চাইছেন পুনের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা। তার সংস্থা তৈরি করেছিল কোভিডের টিকা ‘কোভিশিল্ড’। সেই পুনাওয়ালা ‘এক্স’-এ লিখেছেন, ‘ আরসিবি দুর্দান্ত দল। সঠিক মূল্যায়ন হলে আরসিবি নিতে রাজি।'
জানা গেছে, আরসিবির বাজারমূল্য ১৭ হাজার ৭৬২ কোটি টাকা। এদিকে গত মঙ্গলবার আইপিএলের প্রথম কমিশনার ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘বর্তমানে সবচেয়ে লাভজনক বিনিয়োগ সুযোগ হতে পারে আরসিবি কেনা। দলটি শুধু আইপিএল জিতেনি, বিশাল ফ্যানবেস ও শক্তিশালী ম্যানেজমেন্টও রয়েছে আরসিবির। বৈশ্বিক বিনিয়োগ তহবিল বা সার্বভৌম ফান্ডের জন্য এই দলটি একটি দুর্দান্ত দল।’
এর আগে আইপিএলে মালিকানা পরিবর্তন হয়েছিল গুজরাট টাইটানসের। বিনিয়োগ কারী ছিল টরেন্ট গ্ৰপ। ৬৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল তারা। বাকি ৩৩ শতাংশ রয়ে যায় আইরেলিয়ার হাতে। বলা হচ্ছে, আরসিবি বিক্রি হলে সেটি হবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে আলোচিত মালিকানা পরিবর্তন।